অনন্যা সরকার, কলকাতা: রাজ্য সরকার প্রদত্ত ঋণে সুদের হার (Loan Interest Rate) কত হবে, তা স্থির করলো শুভেন্দু অধিকারীর সরকার। নবান্নর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের দেওয়া ঋণের সুদের হার নির্দিষ্ট করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকায় চলতি অর্থবছরের জন্য সুদের হার বার্ষিক ৭.৩২ শতাংশ হবে বলে ঘোষণা করা হয়েছে।
সরকারি ঋণের সুদের হার নির্ধারণ করলো অর্থ দফতর
অর্থ দফতরের তরফে নির্ধারণ করা এই সুদের হার জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরের বিভিন্ন স্থানীয় সংস্থা, পুরনিগম, পৌরসভা, সরকারের ক্ষেত্রের প্রতিষ্ঠান এবং সমবায় সমিতিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া সব ধরনের ঋণের ক্ষেত্রেই এই বার্ষিক হার লাগু হবে।
আরও পড়ুনঃ RBI-র চাকরি সামলে UPSC ক্র্যাক, কোচিং ছাড়াই প্রথম অ্যাটেম্পটে IAS সৃষ্টি
সরকারি নির্দেশিকাটিতে শুধু সুদের হারই নয়, ঋণ পরিশোধ সংক্রান্ত বেশ কিছু নিয়মও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার প্রদত্ত ঋণের আসল অর্থ সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ঋণের ক্ষেত্রে পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ১০ বছর। তবে, মূলধন ঋণের (Working Capital Loan) মেয়াদ ২ থেকে ৩ বছর বলে জানানো হয়েছে এবং কোনোভাবেই এই মেয়াদ ৫ বছর অতিক্রম করবে না।
আরও পড়ুন: নোংরা-থুথু ফেললে জরিমানা, পার্কিং চার্জ! ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর একাধিক নিয়ম
এছাড়া, সরকারি ঋণ পরিশোধ করার ক্ষেত্রে অবহেলা রোধ করতে মোটা অংকের জরিমানা করার নিয়ম রয়েছে। কোনো ঋণগ্রহীতা যদি আসল বা সুদের কিস্তি পরিশোধে ব্যর্থ হন বা ঋণ খেলাপি করেন, তবে ৭.৩২% সুদের হারের ওপর আরও ২.৫% জরিমানা সুদ (Penal Interest) নেওয়া হবে। তবে, এলআইসি (LIC), নাবার্ড (NABARD) এবং হাডকো (HUDCO)-এর দেওয়া ঋণ বা নির্দিষ্ট কিছু আবাসন প্রকল্পের ক্ষেত্রে এই নতুন নিয়ম ও সুদের হার প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।










