বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার (Government Of West Bengal) গঠিত হতেই প্রথমবারের মতো বাংলার পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026) পেশ করলেন শুভেন্দু অধিকারীরা। সেই বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক গুচ্ছ ঘোষণা করেছেন। বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিকাঠামের উন্নতির স্বার্থে প্রস্তাব রেখেছে রাজ্য সরকার। সেই সাথে বাজেটে নতুন পাঁচটি জেলা তৈরিরও প্রস্তাব রাখা হয়। শুধু তাই নয়, রাজ্যে ব্যবসায়িক ক্ষেত্রকে সিন্ডিকেট মুক্ত করার পণ করেছে বিজেপি সরকার।
রাজ্যে তৈরি হবে নতুন পাঁচটি জেলা
2026-27 আর্থিক বছরের রাজ্য বাজেটে শুভেন্দু অধিকারী সরকারের তরফে পশ্চিমবঙ্গে নতুন পাঁচটি জেলা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। সরকারের সিদ্ধান্তে যে জায়গাগুলিকে জেলা হিসেবে গঠন করা হতে পারে সেগুলি হল, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, আরামবাগ এবং জঙ্গিপুর। জানা যাচ্ছে, এই পাঁচ জায়গাকে জেলার রূপ দেওয়া হতে পারে। সেই মর্মে, খুব শীঘ্রই প্রয়োজনীয় কাজ শুরু করবে রাজ্য সরকার।
বাংলায় পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাবের পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গড়ে তোলার প্রস্তাব পেশ করেছে রাজ্য সরকার। এছাড়াও গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা তৈরিরও প্রস্তাব রাখা হয়েছে রাজ্য বাজেটে। এর পাশাপাশি চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, শিবমন্দির, গাজোল এমনকি টুঙ্গিদিঘিতে নতুন পৌরসভা তৈরি করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
অবশ্যই পড়ুন: কলেজ পড়ুয়া অবিবাহিত মহিলাদের দেওয়া হবে ৫০ হাজার টাকা, বাজেটে বড় ঘোষণা
ব্যবসা হবে সিন্ডিকেটমুক্ত
পূর্বতন সরকারের আমলে ব্যবসায়ীদের থেকে ইচ্ছে খুশি মতো তোলাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের পরিমাণ সবচেয়ে বেশি। এবার সেই প্রচলিত অবৈধ ধারাকে ভেঙে ফেলতে চাইছে বিজেপি সরকার। আজ বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, অবৈধ হস্তক্ষেপ এবং চাঁদাবাজির কারণে দিন দিন ক্ষতি হচ্ছে ব্যবসার। তাই এবার থেকে এই ধরনের সিন্ডিকেট বন্ধ করতে একটি বিশেষ আইন আনবে সরকার। সেই আইনের অধীনেই ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় বন্ধ করা হবে।










