ভারী বৃষ্টিতে কোমর সমান জল কঙ্কালীতলা মন্দিরে, ভয়াবহ পরিস্থিতি বোলপুরে

Published:

Bolpur

প্রীতি পোদ্দার, কলকাতা: টানা ঝড় বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা বোলপুরে (Bolpur)। কোমর সমান জলে উঠে গিয়েছে, কঙ্কালীতলা মন্দির (Kankalitala Temple) চত্বরে। জানা গিয়েছে রাতভর বৃষ্টির (Birbhum Heavy Rain) কারণে কোপাই নদীর জল বাড়তেই এই দুর্যোগ। এদিকে জল মন্দির চত্বরে উঠে যাওয়ায় পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কঙ্কালীতলা শ্মশানে বৈদ্যুতিক চুল্লির নীচে জল জমে থাকায় চুল্লি বন্ধ রাখা হয়েছে। যার ফলে সেখানে মৃতদেহ সৎকারে নানা সমস্যা দেখা দিয়েছে।

কোমর সমান জল কঙ্কালীতলা মন্দিরে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপের জেরে গতকাল, বুধবার বিকেল পর্যন্ত কখনও ভারী, কখনও মাঝারি গতিতে বৃষ্টি হয়েই চলেছে। আর এই টানা বৃষ্টিতে কোপাই, হিংলো, ময়ূরাক্ষী, অজয়ের জলস্তর বৃদ্ধি পেয়েছে। একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে অভিযোগ। হেতমপুর, খয়রাশোল ও দুবরাজপুরের একাধিক কজ়ওয়ে জলের তলায় তলিয়ে গিয়েছে। সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর কজ়ওয়ে নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে সেখানকার অবস্থা অত্যন্ত দুর্বিষহ। তার উপর কোপাই নদীর জল বাড়তে থাকায় কঙ্কালীতলা মন্দির চত্বরেও জল ঢুকেছে কোমর পর্যন্ত।

জল যন্ত্রণায় দুর্বিষহ জনজীবন

স্থানীয়দের রীতিমত জল ডিঙিয়ে আসতে হচ্ছে। এদিকে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, জল বাড়তে থাকায় গর্ভগৃহ থেকে দেবীকে সরিয়ে শিব মন্দিরে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি একজন পুজোও হচ্ছে পাশের শিব মন্দিরে। অন্যদিকে জল মন্দির চত্বরে উঠে যাওয়ায় পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বোলপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই বোলপুর পুরসভার ৩, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড এখনও জলমগ্ন।

আরও পড়ুন: ভোররাতে তৃণমূলের ক্যামাক স্ট্রিট অফিসে ভাঙচুর, BJP-কে নিশানা করে ক্ষোভ প্রকাশ অভিষেকের

ভারী বৃষ্টিতে ঘরের ভিতর জল ঢুকে যাওয়ায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে গৃহবন্দী হয়ে রয়েছে। ড্রেনের জল উঠে এসেছে রাস্তায় ও ঘরে। স্থানীয়দের অভিযোগ, জল বাথরুমে, বেডরুমে ঢুকে গিয়েছে। এর আগেও অতিবৃষ্টিতে ওয়ার্ড গুলির এই রকম অবস্থা হয়েছিল। কিন্তু পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী নিম্নচাপ ও ক্রমাগত বৃষ্টির জন্য জনসাধারণের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন জায়গায় নদীর জল উপচে পড়েছে। এদিকে ভারী বৃষ্টিতে ফুঁসছে ঝাড়গ্রামের একাধিক নদী। এখন দেখার এই জলযন্ত্রনা কতদিন সহ্য করতে হয় সকলকে।