প্রীতি পোদ্দার, কলকাতা: উপ-নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে, গত সোমবার, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী ৬ অক্টোবর রেজিনগর (Rejinagar Bypoll) ও নন্দীগ্রামে এই দুই হাইভোল্টেজ কেন্দ্রে হবে উপনির্বাচন। তাই জোর কদমে চলছে প্রার্থী নির্বাচনের প্রস্তুতি, এমতাবস্থায় চারদিনের মাথায় ঘটল আরেক ঘটনা। ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীরের (Humayun Kabir) নিরাপত্তা প্রত্যাহার (Humayun Kabir Security) করল প্রশাসন। তাই পুনরায় সেই নিরাপত্তা চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন নওদার বিধায়ক।
রেজিনগরের উপনির্বাচনে লড়বেন হুমায়ুন পুত্র
২৬-এর বিধানসভা নির্বাচনে নওদা এবং রেজিনগর দু’টি আসন থেকেই বিজয়ী হয়েছিলেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর। যদিও পরবর্তীকালে তিনি রেজিনগর আসন থেকে পদত্যাগ করেন। তবে এবার উপনির্বাচনে হুমায়ুনের ছেড়ে যাওয়া ওই আসন থেকে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রতীকে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তাঁর পুত্র গোলাম নবী আজাদ রবিন। কিন্তু রেজিনগরের উপনির্বাচনের ঠিক কয়েক দিন আগে কেন্দ্রীয় সরকার হঠাৎ করেই হুমায়ুন কবীরের নিরাপত্তা প্রত্যাহার করে নেয়।
উপনির্বাচনের আগে নিরাপত্তা প্রত্যাহার
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে কলকাতা হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সেই নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছিল। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রকও ওই নির্দেশ মেনে তাঁকে নিরাপত্তা প্রদান করেছিল কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উপনির্বাচনের ঠিক আগে নিরাপত্তা প্রত্যাহার করা হল। জানা গিয়েছে, এই নিরাপত্তা প্রত্যাহারকে কেন্দ্র করে হাইকোর্টে ইতিমধ্যে হুমায়ুন কবীর একটি মামলা দায়ের করেছেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাস্তার নামকরণে বড় পদক্ষেপ নবান্নর, গঠিত হল কমিটি, শীর্ষে কার্তিক মহারাজ
এর আগে হুমায়ুন কবীরের একটি জনসভায় দেওয়া ভাষণকে কেন্দ্র করে ওঠা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছিল। যদিও এর জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন হুমায়ুন। যেহেতু ওই বক্তৃতার পর কোনও অভিযোগ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তাই ভারতীয় ন্যায় সংহিতা-র বিভিন্ন ধারায় দায়ের করা রেজিনগর থানার একটি মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। এখন দেখার নিরাপত্তা সংক্রান্ত মামলায় হাইকোর্ট কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।










