প্রীতি পোদ্দার, কলকাতা: এবার পরিবর্তনের বাংলায় বিজেপি সরকারের (WB Govt) নয়া উদ্যোগ, কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন রাস্তাঘাট, সরণির নামকরণের জন্য তৈরি করা হল আলাদা কমিটি (Roads Renaming Committee)। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ১০ সদস্যের ওই কমিটির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে (Kartik Maharaj)। তিনিই ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে খতিয়ে দেখবে প্রস্তাব। এছাড়াও কমিটিতে থাকবেন তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা সুব্রত গুপ্ত ও কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে।
নয়া কমিটি গঠন রাজ্য সরকারের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি নির্দেশিকা জারি করেছিল, আর সেই নির্দেশিকায় রাজ্যস্তরে একটি উপদেষ্টা কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। আর এই কমিটির চেয়ারম্যান হিসেবে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজকে। সদস্য হিসেবে থাকবেন তথাগত রায়, অবসরপ্রাপ্ত IAS সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, পূর্ত দপ্তরের সচিব, কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব এবং ড. বিষ্ণুপদ দত্ত।
সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে খতিয়ে দেখা হবে প্রস্তাব
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন রাস্তা, সরণি, অ্যাভিনিউ, সেতু, সাধারণের ব্যবহারের কোনও জায়গার নামকরণ বা বর্তমান নাম বদলের যে প্রস্তাবগুলি জমা পড়বে, তা খতিয়ে দেখবে কমিটি। নাম পরিবর্তনে ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক, ঐতিহ্যগত এবং জনস্বার্থের গুরুত্বও বিবেচনা করা হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে পুরনো নাম ফিরিয়ে আনার প্রস্তাবও খতিয়ে দেখবে কমিটি। সেক্ষেত্রে বিভিন্ন নথিপত্র এবং ঐতিহাসিক প্রামাণ্য তথ্য যেমন দেখা হবে ঠিক তেমনই ইতিহাসবিদ, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ক প্রতিষ্ঠানের থেকে পরামর্শ নেওয়া হবে।
আরও পড়ুন: মহিলাদের ফ্রি, বহরমপুর থেকে দিঘার SBSTC-র নয়া বাস, দেখুন সময়সূচি ও রুট
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একাধিক ক্ষেত্রে রাস্তার নামকরণ পরিবর্তনকে ঘিরে নানা বিতর্ক হয়ে চলেছে। কিছুদিন আগে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ডন বস্কো সার্কেল পর্যন্ত সড়কের নতুন নামকরণ হয়েছে গোপাল মুখার্জি রোড, যেটি আগে নাম ছিল সুরাবর্দি অ্যাভিনিউ। তা নিয়ে কম সমালোচনা হয়নি। অন্যদিকে বীরভূমের রামপুরহাটের একটি রাস্তার নামবদল ঘিরেও বিতর্ক শুরু হয়েছিল। এখন দেখার এই নয়া কমিটি রাস্তার নাম পরিবর্তনের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করে।










