প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বতন সরকারের আমলে ট্রাফিক আইন নিয়ে একাধিক গলদ দেখা গিয়েছিল। তবে এবার ক্ষমতার পালাবদল হতেই ট্রাফিক আইন নিয়ে কড়াকড়ি পদক্ষেপ নিল বিজেপি সরকার (Government Of West Bengal)। হেলমেটবিহীন চালকদের জরিমানার সতর্কতা জারি হতেই এখন বাজারে হেলমেটের (Helmet) চাহিদা বৃদ্ধি পেয়েছে জেলায় জেলায়। বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, একলাফে প্রায় ৭০ শতাংশ বেড়ে গিয়েছে হেলমেট বিক্রি (Helmet Sales In West Bengal)।
হেলমেট নিয়ে কড়াকড়ি সরকার
বহু বাইকআরোহী নিয়ম না-মেনে ব্যস্ত রাস্তায় বাইক চালান দ্রুত গতিতে। রাতের দিকে একাধিক জায়গায় দ্রুতগতিতে বাইক চালানোর প্রবণতাও দেখা গিয়েছে। এতদিন কাকুতি মিনতি করে পার পেয়ে যাচ্ছিলেন অনেকে। যদিও অনেক ক্ষেত্রে বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ছিল। কিন্তু এ বার সেই পরিস্থিতি বদলাতে বিশেষ সক্রিয়তা দেখানো হচ্ছে। ট্রাফিক নিয়মকানুন নিয়ে যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হেলমেট ছাড়া রাস্তায় বেরোলে ফাইন নেওয়া হবে।
৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে হেলমেটের চাহিদা
মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই কলকাতা, মুর্শিদাবাদ থেকে বর্ধমান, বাঁকুড়া রাজ্যজুড়ে হেলমেট কেনার প্রবণতা দেখা গিয়েছে। পাশাপাশি মালদহ, মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো জেলা ও শহরগুলিতেও চাহিদা বেড়েছে। যার ফলে হেলমেট প্রস্তুতকারী সংস্থার শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্টাডস অ্যাক্সেসরিজ সংস্থার হেলমেটের চাহিদাও চোখে পড়ার মতো। ‘দ্য ইকোনমিক টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, মে মাসে হেলমেট প্রস্তুতকারী সংস্থা স্টাডস অ্যাক্সেসারিজের বিক্রি ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শিশুদের হেলমেট বিক্রিও দ্বিগুণ বেড়েছে।
আরও পড়ুন: NDA-র পথে মমতার ‘রেপ্লিকা’ সায়নী ঘোষ? তুমুল চর্চা রাজনৈতিক মহলে
বাজারে যখন হেলমেটের চাহিদা দ্রুত গতিতে বাড়ছে সেই সময় স্টাডস অ্যাক্সেসরিজের জেনারেল ম্যানেজার আদিত্য ভার্মা জানিয়েছেন, মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে। যে সব এলাকায় আগে মানুষ কখনও হেলমেট ব্যবহার করতেন না, সেখানে এখন নিয়ম মেনে হেলমেট পরার প্রবণতা বেড়েছে। পাশাপাশি শিশুদের হেলমেট বিক্রি বৃদ্ধিও সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার এই ট্রাফিক আইন কতদিন এমন কড়াকড়ি অবস্থান করে।










