কয়েক হাজার কোটি বিনিয়োগ, ১৭৫ একর জমিতে বিশাল প্রজেক্ট ইন্ডিয়ান অয়েলের

Published:

Indian Oil Corporation

অনন্যা সরকার, কলকাতা: বাংলায় একটি নতুন প্রকল্প নির্মাণের দ্বারপ্রান্তে ইন্ডিয়ান ওয়েল (Indian Oil Corporation)। রাজ্যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এই রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল সংস্থাটি। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, এই প্রকল্পের জন্য হলদিয়ায় মোট ১৭৫ একর জমির প্রয়োজন। এর মধ্যে ৮৫ একর জমি ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে, আর বাকি জমির জন্য রাজ্য বর্তমানে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। কলকাতায় এসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে কেন্দ্র দ্রুত এই প্রকল্পের জন্য ছাড়পত্র দেবে। এর পাশাপাশি, ইন্ডিয়ান ওয়েলের চেয়ারম্যান অরবিন্দ সাহানিও এতে সম্মতি দিয়েছেন। অনুমান করা হচ্ছে যে, এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ অন্তত ৭-১০ হাজার কোটি হতে পারে। আশা করা হচ্ছে নতুন প্রকল্পের ফলে হলদিয়া পেট্রোলিয়াম শোধনাগারের (Haldia Refinery) ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 

রাজ্যে কয়েক হাজার কোটির বিনিয়োগ আসছে ইন্ডিয়ান অয়েলের তরফে

সোমবার মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কারও কাছ থেকেই এই প্রকল্পের বিস্তারিত বিবরণ মেলেনি। তবে শুভেন্দু অধিকারী জানান যে, হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উৎপাদন ক্ষমতা কয়েকগুণ বাড়তে চলেছে। কিন্তু প্রকল্পের জন্য কোম্পানি এখনও পুরো জমি পায়নি, তাই জমি মেলার পরই এবিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ইন্ডিয়ান অয়েলের এই মেগা প্রজেক্টটি রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হরদীপ সিং পুরী বলেন যে, প্রকল্পের পর হলদিয়ায় বছরে ৯০ লক্ষ টন তেল পরিশোধন করা সম্ভব হবে। অশোকনগরের পাশাপাশি রাজ্যের আরও চারটি জায়গায় জ্বালানি গ্যাস ও তেল উত্তোলনের জন্য পরীক্ষা চালানো হচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই ইতিবাচক খবর সামনে আসবে। 

আরও পড়ুন: হাইকোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন, উপনির্বাচনে লড়বেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল হরমুজ প্রণালী। ফলে একাধিক দেশের মতো ভারতও জ্বালানি সংকটের মুখে পড়ে। তবে, পেট্রোলিয়াম মন্ত্রী এদিন মার্চেন্টস চেম্বারের একটি অনুষ্ঠানে দাবি করেন যে, যুদ্ধ পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পেরেছে ভারত, তাই যেখানে বিশ্বজুড়ে জ্বালানির দাম ৭৫-৮০ শতাংশ বেড়ে যায়, সেখানে ভারতে এই বৃদ্ধি মাত্র ৭-৮ শতাংশই হয়েছে। তবে, সাম্প্রতিককালে দেশে পেট্রোল-ডিজেল তো রয়েছেই, তার সাথে রান্নার গ্যাস ও অন্যান্য জ্বালানির দামও অনেক বেড়েছে। হরদীপ সিং পুরী এলপিজি সংক্রান্ত এই উদ্বেগগুলো স্বীকারও করে নেন। কারণ, ভারতে ৩৩.৪০ কোটি গ্রাহক এলপিজি গ্যাস ব্যবহার করেন।

google button