সহেলি মিত্র, কলকাতা: আর্থিক তছরূপ মামলায় অবশেষে ইডি (ED) দফতরে হাজিরা দিলেন ইন্দ্রনীল সেন (Indranil Sen)। আজ বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে, বেলা ১১টা নাগাদ তিনি হাজির হন। দুর্গাপুজোর পাস বিক্রির নামে কথিত আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইডির দফতরে হাজিরা দিলেন ইন্দ্রনীল সেন
এক ভিডিওতে ইডি-র দফতরে ইন্দ্রনীল সেনকে ঢুকতে দেখা যাচ্ছে। ইডির অভিযোগ, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নামে একটি সংগঠন নিজেদের ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ দাবি করে পুজো পরিক্রমার পাস বিক্রি করত। তদন্তকারীদের দাবি, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে চড়া দামে ভুয়ো পাস বিক্রি করা হয় এবং এতে প্রায় ৫০–৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সংগঠনটির সঙ্গে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের যোগ থাকার বিষয়টিও খতিয়ে দেখছে ইডি।
প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
গত জুনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে জয়দীপ মুখোপাধ্যায় বউবাজার থানায় আর্থিক তছরুপের মামলা দায়ের করেন। অভিযোগটি ইন্দ্রনীল সেন সেই সময় সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। ওই মামলার ভিত্তিতেই মঙ্গলবার অভিযান চালায় ইডি। কসবার ইন্দ্রনীল সেনের বাড়ি ছাড়াও ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তর পঞ্চসায়রের বাড়ি, হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন: মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, আর্জি শুনলেন না প্রধান বিচারপতি
সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়িতেও পৌঁছন ইডি আধিকারিকরা। প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখার পরই ইন্দ্রনীলকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। এই বিষয়ে বড় দাবি করেছেন বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিচ্ছে। অভিযোগের ভিত্তিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুজোর নামে টাকা তোলা শুরু হয়েছে। এই সবই বেআইনি এবং সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ উল্লেখ্য, ইন্দ্রনীল সেন চলতি বছরের শুরুতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে হুগলি থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।










