ভোটের আগে নজরে ভবানীপুর! মমতার প্রস্তাবকের বাড়িতে ইনকাম ট্যাক্স রেইড

Published:

IT Raids

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজ্য জুড়ে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ যেন বেড়েই চলেছে। একের পর এক বঙ্গের জনসভায় বিজেপি যেমন তৃণমূলকে নিশানা করছে ঠিক তেমনই তৃণমূলও বিজেপিকে টার্গেট করছে। এমতাবস্থায় ঘটল আরেক ঘটনা। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee) ‘ঘনিষ্ঠ’ তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি অভিযানে গেলেন আয়কর দফতর (IT Raids)। আর তাই নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করলেন কুণাল ঘোষ।

মমতার প্রস্তাবকের বাড়িতেও আয়কর হানা!

গত ৮ এপ্রিল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছিলেন। ওইদিন বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব তাঁর সঙ্গে গিয়েছিলেন। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী হিসেবে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার একজন প্রস্তাবক হলেন মিরাজ শাহ। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য। এলাকায় যথেষ্ট নামডাক রয়েছে তাঁর। কিন্তু এবার ভোটের প্রাক্কালে এলগিন রোডে তাঁর বাড়িতে হানা দিল আয়কর দফতর। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। শাসকদলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে কাজে লাগিয়েছে বিজেপি।

ক্ষোভ প্রকাশ কুণালের

রিপোর্ট মোতাবেক, আজ, শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। যা নিয়ে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ সরব হন। তিনি বলেন, “ রাষ্ট্রযন্ত্রের বিকৃত ব্যবহারের প্রতিবাদ করছি আমরা। এটা হচ্ছে কী? নির্বাচন চলছে। তার মধ্যে প্রার্থীদের ডাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। হারবে জেনে নির্লজ্জের মতো এসব করছে। ভোটের পরিবেশ নষ্ট করছে।” তবে শুধু মিরাজ শাহ নয়, আজ সাতসকালে কলকাতার বেশ কয়েকটি জায়গায় আয়কর হানার খবর আসে। তার মধ্যে রয়েছে সল্টলেক, মিডলটন স্ট্রিটের মতো ‘গুরুত্বপূর্ণ এলাকা’। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তল্লাশি চলে তৃণমূল বিধায়ক দেবাশিসের বাড়িতেও।

আরও পড়ুন: “আমার প্লেনেও তল্লাশির চেষ্টা!” কোচবিহার জনসভায় বিস্ফোরক মমতা

ভোটের আবহে তৃণমূল প্রার্থীদের এইরূপ হেনস্থা করা নিয়ে আজ শুক্রবার কোচবিহারের রাজনৈতিক সভা থেকে কেন্দ্রীয় সংস্থার অভিযানের বিরুদ্ধে সরব হন মমতা। তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘‘এখানে বিজেপির বড় নেতা জেড প্লাস নিয়ে ঘুরে বেড়ায়। সব হরিদাস! এক এক জন ২০-২৫টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ি থেকে বেরোলে কেউ তাকিয়েও দেখে না এদের। এরা গুন্ডামি করছে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে। তাদের কিন্তু নিরাপত্তা প্রত্যাহার করে না, শুধু তৃণমূলেরই হয়।’’ জানা গিয়েছে এদিন কালীঘাটে তৃণমূলের শ্রমিক নেতা কুমার সাহার বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর।