ফের অশান্ত যাদবপুর! ভাঙচুর সিপিএমের কার্যালয়ে, নিশানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িও

Published:

সহেলি মিত্র, কলকাতা: নতুন করে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর (Jadavpur)। শনিবার সন্ধ্যায় অন্তত ছ’টি ওয়ার্ডে বাইকবাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল। একাধিক সিপিএম পার্টি অফিসে (CPM Party Office) ভাঙচুরের পাশাপাশি দলের পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। হামলার অভিযোগ উঠেছে ৯৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও কার্যালয়েও। ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

রণক্ষেত্র যাদবপুর, সিপিএমের একাধিক পার্টি অফিসে ভাঙচুর

সূত্রের খবর, এদিন মূলত ওয়ার্ড নম্বর ৯৬, ৯৯, ১০১, ১০২, ১০৫ ও ১০৬ এলাকার একাধিক পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। যার মধ্যে ৯৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি এবং দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা ছিল সবচেয়ে বেশি। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা থেকে যাদবপুরের একাধিক ওয়ার্ডে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ ওঠে। কুসুম কাননে সিপিএমের পার্টি অফিস (CPM Party Office)ও ৯৬ নম্বর ওয়ার্ডের শহিদবেদিতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ দামোদরে দেখা মিলল ইলিশের! দু’বছর পর রূপোলি শস্যের সন্ধান পেয়ে খুশির হাওয়া খন্ডঘোষে

এছাড়াও ১০০, ১০২, ১০১ ও ১০৫ নম্বর ওয়ার্ডেও অশান্তির খবর মিলেছে। বিজয়গড় বাজারে দেবব্রত মজুমদারের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি তাঁর বাড়িতে গিয়ে হুমকি এবং দাদাকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশকে বারবার ফোন করার প্রায় এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে আসে।

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দল

এদিকে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তরুণ মণ্ডলের অফিসেও গোলমালের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ লাঠি উঁচিয়ে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয় সূত্রের দাবি। যাদবপুরের পাশাপাশি নরেন্দ্রপুরেও বাইকবাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠেছে। সেখানে হামলার একটি দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যদিও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ দল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম এবং তৃণমূল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগের কঠগড়ায় রয়েছে বিজেপি।