বন্ধ স্কুল-কলেজ ও অফিস, পুজোর আগে সেপ্টেম্বরেই নতুন ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Published:

Karam puja (1)

আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এল বড় খবর। রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার করম পুজো (Karam Puja) উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি থাকবে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই ছুটির আওতায় থাকছে কোন কোন প্রতিষ্ঠান?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বরের এই ছুটি কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের সাধারণ দফতরের কর্মীদের জন্য নয়। স্টেট গভর্নমেন্ট অফিস, স্থানীয় সংস্থা, স্ট্যাটুটরি বডি, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন সংস্থাগুলিও এই ছুটির আওতায় থাকবে। পাশাপাশি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে পুজোর দিন সংশ্লিষ্ট সরকারি ও সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলির স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে।

শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন চা-বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের কর্মীদের জন্যও ২২ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে এই বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি কর্মচারী নন, করম পুজোর সঙ্গে যাঁদের সামাজিক ও সাংস্কৃতিক যোগ রয়েছে, তাঁদের কথা মাথায় রেখে ছুটির পরিধি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মহুয়া মৈত্রকে ডিমথেরাপি, স্কুলে ভূতের আতঙ্ক…! আজকের সেরা ১০ খবর (১৬ সেপ্টেম্বর)

নবান্ন থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তির পর করম পুজোর দিন সরকারি পরিষেবা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কাজকর্ম স্বাভাবিকভাবেই স্তব্ধ থাকবে। সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই ছুটির বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতর, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার ফলে, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার কোন কোন দফতর ও প্রতিষ্ঠানগুলি ছুটির আওতায় থাকবে তা নিয়ে আর কোনও ধোঁয়াশা থাকল না।