সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীদের বড় চমক দিল পূর্ব রেল। কৌশিকী অমাবস্যাকে (Kaushiki Amavasya) নজরে রেখে বিশেষ ব্যবস্থা করা হল। পূর্ব রেলের তরফে কৌশিকী মেলাকে ঘিরে ট্রেনগুলিতে যাত্রীর সংখ্যা বৃদ্ধির কারণে সহজ যাত্রার সুবিধা নিশ্চিত করতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। বেশ কিছু ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে তো বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
কৌশিকী মেলা উপলক্ষে বিশেষ ব্যবস্থা রেলের
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কৌশিকী অমাবস্যা উপলক্ষে রামপুরহাট থেকে হাওড়াগামী ৬টি ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ট্রেন নম্বর ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর অবধি অতিরিক্ত কোচ নিয়ে চলাচল করবে। এছাড়া তালিকায় রয়েছে ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহীদ এক্সপ্রেস, ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহীদ এক্সপ্রেস, ১৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, ১৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস।
আরও পড়ুনঃ শিক্ষক দিবসের খাওয়া নিয়ে অশান্তি জলপাইগুড়িতে, ছাত্রদের মারে মাথা ফাটল হেড মাস্টারের
রেল জানিয়েছে, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহীদ এক্সপ্রেস, ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহীদ এক্সপ্রেস দুটি অতিরিক্ত কোচ সহ ১১ সেপ্টেম্বর অবধি চলবে। বাকি ট্রেনগুলি ১৩ সেপ্টেম্বর অবধি চলবে বলে খবর। অর্থাৎ মা তারার দর্শনের জন্য আর ট্রেনে ভিড়ে ঠাসাঠাসি করতে হবে না। এবার খুব সহজেই এবং আরামে তারাপীঠ পৌঁছে যেতে পারবেন দর্শনার্থীরা।
বিশেষ ট্রেনের ঘোষণা রেলের
এর পাশাপাশি আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর অবধি কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাওড়া থেকে রামপুরহাট অবধি বিশেষ ট্রেন চলবে। সময়সূচী সম্পর্কে বললে,হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার সময়ে ট্রেনটি দুপুর ১২:৫০ মিনিটে ছাড়বে। এরপর যাত্রাকালে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া হয়ে রামপুরহাট ঢুকবে বিকেল ১৭:৩০ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি রামপুরহাট থেকে ছাড়বে সন্ধে ১৮:৪৫ নাগাদ। এরপর সেটি হাওড়া স্টেশনে ঢুকবে রাত ২৩:৪৫ নাগাদ।










