বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল আমলে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) 366 মিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাইপাসের মেট্রোর শূন্যস্থান ভরাটের কাজ শুরু করেছিল দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। বছরের পর বছর ধরে বেলেঘাটা মেট্রোর ফুট ওভারব্রিড তৈরির জন্য সব রকম পরিকল্পনা করেও পিছিয়ে আসতে হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে। তবে রাজ্যে পালাবদল হওয়ার পরই এবার বাইপাসের ধারে মেট্রোর শূন্যস্থান ভরাট করে ওভারব্রিজ তৈরির কাজে এক ধাপ এগলো মেট্রো।
বেলেঘাটার ফুট ওভার ব্রিজ তৈরির কাজে হাত দিয়েছে মেট্রো
রাজ্যে ক্ষমতা বদল হতেই ভারতীয় জনতা পার্টির সরকারের সহযোগিতায় চিংড়িঘাটা মেট্রোর পিলারের কাজ শেষ করে এবার বেলেঘাটা মেট্রো স্টেশনের পূর্বের প্রধান প্রবেশপথ অর্থাৎ সাধারণ মানুষের চলাচলের জন্য ফুট ওভারব্রিজ তৈরির কাজে হাত লাগিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড। প্রত্যাশামতোই এই বিশেষ কাজের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে 45 দিনের NOC পাওয়া গিয়েছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বেলেঘাটার ফুট ওভারব্রিজ তৈরির আগে বাইপাসের উত্তর এবং দক্ষিণমুখী লেনের মাঝ বরাবর ওভার ব্রিজের জন্য তৈরি হবে স্তম্ভ। আর এই কাজের জন্য বাইপাসের দক্ষিণমুখী লেনের কম করে 8 মিটার অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে। ফলে এই সময় সংশ্লিষ্ট রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গাড়ি গুলিকে বিকল্প পথ ধরে যেতে হবে গন্তব্যে। সেই মর্মেই অনুমতি দিয়ে দিয়েছে কলকাতার ট্রাফিক পুলিশ। নিত্যযাত্রীদের একটা বড় অংশের দাবি, বেলেঘাটা মেট্রো স্টেশনের ফুট ওভারব্রিজ তৈরি করা গেলে খুব সহজেই স্টেশনে পৌঁছে মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। কমবে কষ্ট।
অবশ্যই পড়ুন: এক ব্লকের ১৭৩ পুরুষের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বড় কেচ্ছা নদীয়ায়
উল্লেখ্য, প্রাক্তন শাসক দলের আমলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট করিডোরের মেট্রোপলিটন থেকে সেক্টর ফাইভ পর্যন্ত 366 মিটার অংশের কাজ বাকি ছিল। এই কাজ সম্পূর্ণ করার জন্য রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতার মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার ট্রাফিক ব্লকের জন্য আবেদন করা হয় প্রশাসনের কাছে। তবে অভিযোগ, বারবার আবেদন সত্বেও তৎকালীন প্রশাসন মেট্রোর এই কাজ ঝুলিয়ে রেখেছিল।










