অরিজিতের গানে বন্ধু শঙ্কুদেবের বিয়ের অনুষ্ঠান মাতালেন কৌস্তভ বাগচি, মুগ্ধ অতিথিরা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিয়ে করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা (Shankudeb Panda)। রবিবার সন্ধ্যায়, গঙ্গাবক্ষে সাংবাদিক স্বর্ণালী সরকারের সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। আর সেই রাজনৈতিক সতীর্থর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সুরেলা কণ্ঠের জাদু দেখালেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী (Koustav Bagchi)। মাইক্রোফোন হাতে মঞ্চ মাতালেন অরিজিত সিংয়ের ‘দিল সাম্ভাল জা জারা’ গানে। বিধায়কের গানে গলা মেলালেন অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারাও।

নতুন রূপে ধরা দিলেন কৌস্তভ বাগচী

রাজনৈতিক জীবনটা সুদীর্ঘ না হলেও নিজের কেরিয়ারে নানান ওঠাপড়া দেখেছেন কৌস্তব। রাজনীতির ময়দানে লড়াই করে নিজের জায়গা বুঝে নেওয়া নেতা তিনি। ব্যারাকপুরের মাটি এবং মানুষ দুটিকেই ভালবাসেন বিজেপি বিধায়ক তথা আইনজীবী কৌস্তব। প্রায়শই রাজনীতিক বক্তব্য দিতে দেখা যায় কৌস্তবকে। বিভিন্ন সময় নানান মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে কৌস্তবের মধ্যে থাকা সাংস্কৃতিক চরিত্রটা এতদিন অদেখাই ছিল সকলের। গুটিকয়েকজন যাঁরা জানতেন তাঁরা একান্তই বিজেপি নেতার ঘনিষ্ঠ। তবে এবার কৌস্তব বাগচীর গায়ক সত্তা একেবারে সর্বসমক্ষে চলে এল।

অবশ্যই পড়ুন: একুশে জুলাইয়ের আগে ধর্মতলায় ৬০ দিনের নিষেধাজ্ঞা, কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

রবিবার, গঙ্গাবক্ষে বিজিপি নেতা শঙ্কুদেব এবং সাংবাদিক স্বর্ণালীর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্য বিজেপির একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক কৌস্তুব বাগচীও। বিয়ের অনুষ্ঠানের মাঝেই দেখা গেল মাইক্রোফোন হাতে অরিজিতের গানে অনুষ্ঠান মাতালেন কৌস্তব। বিধায়কের গলায় শোনা গেল, মার্ডার 2 মুভির জনপ্রিয় গান ‘দিল সাম্ভাল জা জারা’। কৌস্তবের গান শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন বিজেপি নেতার বিয়েতে আমন্ত্রিত অতিথিরা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বন্ধু ওরফে রাজনৈতিক সতীর্থ কৌস্তব গান গাইছেন, পাশেই দাঁড়িয়ে সেই গান শুনছেন পাত্র শঙ্কুদেব। একেবারে বরের সাজে লাল পাঞ্জাবীতে এদিন ধরা দিয়েছিলেন তিনি। বন্ধুর গান শুনে একেবারে মুগ্ধ হয়ে এদিন কিছু রসিক মন্তব্যও করতে দেখা গেল বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডাকে।