সেবাশ্রয়ের চিকিৎসায় পা বাদ, ফের অভিষেকের বিরুদ্ধে FIR, স্বাস্থ্যভবনে ডাক মহিলার

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও এফআইআর তৃণমূলের যুবরাজের বিরুদ্ধে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তরফ থেকে চালু করা সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করিয়ে পা বাদ গিয়েছিল মহিলার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার নতুন করে এফআইআর দায়ের করলেন ওই মহিলা। এমনকি তিনি জানান, বারবার অভিযোগ জানানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এদিন রবীন্দ্রনগর থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন অভিযোগ লিখিয়েছেন তিনি।

অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর

আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডায়মন্ড হারবারে তৎকালীন সময় সেবাশ্রয় শিবির চালু করা হয়েছিল। কিন্তু ভোটে ভরাডুবির পর সেই শিবির নিয়েই একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। বাজার দরের থেকে বেশি দামে ওষুধ বিক্রি থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এমনকি প্রশিক্ষণ ছাড়া চিকিৎসকদের নিয়োগ করা নিয়ে বিভিন্ন অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

এবারের অভিযোগকারী মহিলা মহেশতলার বাসিন্দা। তিনি হাঁটুর সমস্যা নিয়েই সেবাশ্রয় শিবিরের দ্বারস্থ হয়েছিলেন। প্রথমে তাঁকে সেখান থেকে ওষুধ খেতে বলা হয়। এমনকি ২০২৫ এর ফেব্রুয়ারি থেকে দু’মাস ধরে তিনি ওষুধ খান। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। সমস্যা না মিটতে তাঁকে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তারপর তিনি এমআর বাঙুর হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে চিকিৎসকরা জানান যে ভুল ওষুধ পড়েছে। সেই কারণে অস্ত্রোপচার করে তাঁর ডান পা বাদ দেওয়া হয়।

আরও পড়ুন: “আমার সাথে ভদ্রভাবে আচরণ করো” রোনাল্ডোর দেশের রেফারির সাথে লেগে গেল মেসির!

কিন্তু এতদিন ক্ষমতায় থাকার কারণে অভিষেকের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি কেউ। এখন ক্ষমতা হারিয়ে শিরেসংক্রান্তি অবস্থা তৃণমূল সাংসদের। সেই কারণেই এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন মহিলার। অভিযোগকারী মালতি বিশ্বাসকে ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। এমনকি সমস্ত নথিপত্র নিয়ে আসার কথা বলা হয়েছে। তাঁর ছেলে বলেন, অপারেশনের দিন পায়ের শিরা কেটে ফেলেছিল। সেটা ৯ দিন পর ধরা পড়ে। তারপর পচন ধরে। তারপর বাধ্য হয়ে মায়ের পা কাটা যায়। মা সুস্থ-সবল মানুষ ছিলেন। শুধুমাত্র হাঁটুতে যন্ত্রনা ছিল। তবে সেবাশ্রয়ের ভুল চিকিৎসার কারণেই আজ তাঁকে পঙ্গু হতে হল।