মা তারা এক্সপ্রেসের নতুন স্টপেজ এবার বারাকপুরে

Published:

Barrackpore Station

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন। আর এদিনই রেলের পক্ষ থেকে বারাকপুরের বাসিন্দারা পেলেন সুখবর। বাড়ানো হল শিয়ালদহ থেকে রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেসের (Maa Tara Express) স্টপেজ সংখ্যা। বৃহস্পতিবার বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, রেলওয়ে বোর্ড বারাকপুর স্টেশনে (Barrackpore Station) মা তারা এক্সপ্রেসকে থামার অনুমোদন দিয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে ট্রেনটি পরীক্ষামূলকভাবে এই স্টেশনে থামবে। তবে, নির্দিষ্ট সময়সূচী সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই জানা যাবে। 

মা তারা এক্সপ্রেস এবার থামবে বারাকপুরে

বিধায়ক জানান যে, মা তারা এক্সপ্রেস-এর স্টপেজ বাড়ানোর দাবিতে তিনি দীর্ঘদিন ধরেই রেল মন্ত্রক ও পূর্ব রেলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। তাঁর কথায়, বারাকপুরের মানুষ মোদীজিকে উপহার দেওয়ার আগে, প্রধানমন্ত্রী নিজেই তাঁর জন্মদিনের আগে তাদের উপহার দিয়ে দিলেন। কৌস্তভ বাগচী বলেন, এই উপহারের কথা বারাকপুরের মানুষ চিরদিন মনে রাখবেন। 

বিধায়ক এও জানান যে, যদিও এই স্টপেজ ব্যবস্থাটি প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, তবে একে স্থায়ী করার ক্ষেত্রে যাত্রীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌস্তভ আহ্বান জানান, বারাকপুর থেকে তারাপীঠ বা বীরভূমের অন্য কোনও গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা যেন মা তারা এক্সপ্রেসেরই টিকিট কাটেন। এর ফলে স্টপেজ স্থায়ী করার দাবি আরও জোরালো হবে।

আরও পড়ুন: বদলে গেল ১৫ বছরের কম বয়সীদের পাসপোর্টের নিয়ম, নয়া নির্দেশিকা কেন্দ্রের

তবে শুধু ট্রেনের স্টপেজ নয়, বিধায়ক আরও বেশি সংখ্যক দূরপাল্লার ট্রেনের জন্য বারাকপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনার কথাও এদিন জানান। রেল মন্ত্রকের কাছে কলকাতা-গুয়াহাটি গরিব রথ, শিয়ালদহ-বালিয়া, তিস্তা-তোর্ষা, ভাগীরথী, গৌরবঙ্গ, কাটিহার, পূর্বাঞ্চল এবং গঙ্গাসাগর এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের তালিকা ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। কৌস্তব জানিয়েছেন যে, প্ল্যাটফর্ম সম্প্রসারণের পর এই ট্রেনগুলিকে স্টেশনে থামানোর জন্য পর্যায়ক্রমে অনুরোধ জানানো হবে রেলের কাছে। তবে আপাতত মা তারা এক্সপ্রেস কবে থেকে বারাকপুর স্টেশনে দাঁড়াতে শুরু করবে, এটাই এখন দেখার।