বদলে গেল নিয়ম, সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নবান্নের

Published:

Nabanna

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের (Nabanna)। এবার কর্মচারীদের হাজিরা দেওয়ার পদ্ধতিতে বদল আনছে সরকার। জানা গিয়েছে, এবার অফিস চত্বরে আলাদা করে হাজিরা দেওয়ার কোনও মেশিন বসানোর দরকার পড়বে না। কর্মচারীরা তাদের নিজেদের মোবাইলের মাধ্যমেই অ্যাটেনডেন্স দিতে পারবে। এমনকি এর জন্য একটি নতুন সফটওয়্যার আনা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এতে সরকারের খরচ বাঁচার পাশাপাশি হাজিরা প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ এবং ঝামেলা বিহীন।

সরকারি কর্মচারীদের হাজিরা পদ্ধতিতে বড় বদল

রাজ্যে সরকারের পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, সরকারি কর্মচারীদের আর ইচ্ছামতো অফিসে যাওয়া আসা চলবে না। সঠিক সময় হাজিরা দিতে হবে, এবং অফিস থেকে বেরোতে হবে ডিউটি শেষ হলেই। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, হাজিরা দেওয়ার এই আধুনিক পদ্ধতিকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এমনকি এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

প্রশাসনিক মহলের একাংশের দাবি, সরকারি অফিসগুলোতে হাজিরা দেওয়ার বায়োমেট্রিক মেশিন বসালে তা অনেক ক্ষেত্রে কাজ করত না। এমনকি রক্ষণাবেক্ষণের অভাবের কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে তা বিকল হয়ে পড়ত। কিন্তু নতুন নিয়মে মোবাইলের মাধ্যমে সরাসরি হাজিরা দেওয়া যাবে। এর জন্য মোবাইল ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তি চালু করা হবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, অফিসে আসার পরেই নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাটেনডেন্স দেওয়া যাবে। এমনকি দ্রুত এই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রত্যেকটি দফতরের কাছে আলাদা আলাদা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। প্রত্যেকটি সরকারি অফিসেই এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে অর্থ দফতরের তরফ থেকে।

আরও পড়ুন: “ওটা আদিনাথ মন্দির…” মালদার আদিনা মসজিদের মধ্যেই বসছে শিবলিঙ্গ, বিতর্ক তুঙ্গে

প্রসঙ্গত, গত ১৫ জুন রাজ্য সরকার বাধ্যতামূলকভাবে ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করেছিল। এমনকি তা প্রথমে নবান্ন দিয়েই শুরু হয়। পাশাপাশি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রত্যেকটি দফতরে এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়। এমনকি সেক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছিল, ১০ টায় অফিস থাকলে ১০:১৫ থেকে ১১ টার মধ্যে উপস্থিত হলে তা লেট হিসেবে গণ্য করা হবে। এমনকি সকাল ১১ টার পর হাজিরা দিলে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে।