বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর জেলায় জেলায় তৃণমূলের সংগঠন ভেঙে পড়েছে। এমতাবস্থায়, মঙ্গলবার সকাল সকাল কালীঘাটে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ থেকে শুরু করে দোলা সেন, অনেকেই। এদিন বৈঠকের পরই তৃণমূল কংগ্রেসের তরফে ফেসবুকে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলা হয়, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রানী রাসমণি রোডের প্রতিবাদী সমাবেশের যোগ দিতে যাচ্ছেন, এমন ব্যক্তিদের পুলিশ বা প্রশাসন বাধা দিলে বিচলিত হওয়ার দরকার নেই। প্রত্যেকে Y চ্যানেলে সমবেত হোন।”এই বার্তার পরই হাতে গোনা কয়েকজন বিধায়ককে নিয়ে ধর্না দিতে দেখা গেল মমতাকে।
Y চ্যানেলে ধর্না দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার সকালে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে প্রথমে রানী রাসমণি রোডে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছিল, তাঁরাও যেন সেখানে উপস্থিত থাকেন। ওই রাস্তায় পুলিশ বাধা দিলে Y চ্যানেলে ধর্না হবে। এদিন গান্ধী মূর্তিতে মাল্যদান করার পরই Y চ্যানেলে ধর্নায় বসেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র, কুণাল ঘোষ, দোলা সেনেরা। মঙ্গলবার বেলা গড়াতেই Y চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ধর্না দিতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, অশোক দেব, মালা রায়দের।
তবে চমকে যাওয়ার মতো বিষয়, এদিনের ধর্নায় যাঁদের উপস্থিতি আশা করা হয়েছিল তাঁদের সাথে সাথে অধিকাংশ বিধায়ককেই পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল নেত্রী বারবার বলে এসেছেন, তৃণমূল দলটা নেতাদের নয় বরং কর্মীদের। এদিন নেত্রীর পাশে থাকতে Y চ্যানেলে পৌঁছলেন কয়েক হাজার কর্মী সমর্থকও। আজ Y চ্যানেলে মঞ্চ তৈরি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। আর তারপরেই রাস্তাতেই রেলিংয়ের পাশে বসে ধর্না দিতে দেখা গেল মমতাকে।
অবশ্যই পড়ুন: বৈভবকে টিম ইন্ডিয়ায় জায়গা দিতেই হবে! নির্বাচন কমিটিকে নির্দেশ BCCI-র
রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বৈঠক এড়ানো থেকে শুরু করে Y চ্যানেলের ধর্নায় তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ জয়ী বিধায়কদের অনুপস্থিতিই বলে দিচ্ছে তৃণমূলের অবস্থা একেবারে শোচনীয়। তাছাড়াও সম্প্রতি জল্পনা বেড়েছে, 50 জনের কাছাকাছি জয়ী বিধায়কদের নিয়ে নতুন করে দল গড়তে চলেছেন সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই মতোই গতকাল রাতেই একাধিক বিধায়কের সাথে আলাদা করে বৈঠক সেরেছেন তিনি। সবমিলিয়ে, রাজ্যে ক্ষমতা হারাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একসময়ের শাসক দল।










