তিস্তা নদীতে ‘মনস্টার’! জালে পড়ল বিশাল বাঘা আড়, ওজন জেনে চমকে যাবেন

Published:

Bagha Aar Fish

অনন্যা সরকার, জলপাইগুড়ি: গাজোলডোবার (Gajoldoba) তিস্তা নদীতে মৎস্যজীবীরা (Fishermen) রোজকার মতোই মাছ ধরছিলেন। হঠাৎই জালে খুব জোরে টান পড়লো। কোনও রকমে টেনে হিঁচড়ে যখন জাল তোলা হল জল থেকে, তখন সেই দৃশ্য দেখে ভীষণ অবাক হন মাছ শিকারিদের দল। দেখা গেল জালে আটকা পড়েছে এক বিশাল আকারের বাঘা আড় মাছ (Bagha Aar Fish)। মাছটির ওজন প্রায় ৬০ কেজি বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়া মাছটির ভিডিও ভাইরাল হয়েছে। বিশাল আকৃতির মাছ দেখে নানান মন্তব্যে ভাসছে সোশ্যাল মিডিয়া। 

 দৈত্যাকার মাছ ধরা পড়লো জালে

জালে পড়া দৈত্যাকৃতির বাঘা আড় মাছটিকে ভিডিওতে দড়ি দিয়ে টেনে ডাঙায় তুলতে দেখা গেছে। ওই ‘মনস্টার’ মাছকে দেখতে ভিড় জমে যায় নদীর ধারে। মাছটির আকার এতই বড় ছিল যে, একটি ডিঙ্গি নৌকার অর্ধেকেরও বেশি জায়গা নিয়ে নিয়েছিল। একজনের পক্ষে মাছটিকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, মাছটিকে ধরাধরি করে অনেকে মিলে তুলে নিয়ে যায়। 

সমাজ মাধ্যমে মাছ ধরার এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন নেট নাগরিকরা। অনেকেই মাছটির কত দর, সে সম্পর্কে জানতে আগ্রহী। অনেকে আবার এই বিশালাকৃতির আড় মাছটি কিনতেও চেয়েছেন। যদিও এই মাছটির নিলামে কত দর উঠেছে, তা জানা যায়নি।

আরও পড়ুনঃ ‘যত বড়ই মন্ত্রী হোক না কেন…দুর্নীতি করলেই সম্পত্তি বাজেয়াপ্ত!’ স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ষার শুরুতে উত্তরবঙ্গের সিকিম ও ভুটান থেকে নেমে আসা নদীগুলিতে বাঘা আড় মাছ দেখতে পাওয়া যায়। বৃষ্টি শুরু হলেই মাছেরা প্রজনন করতে সমতলের দিকে আসে। তবে সব সময় এতবড় মাছ জালে পড়ে না, নদীতে জল কম থাকলে কখনও সখনও বাঘা আড় মাছের দেখা মেলে। দক্ষ মৎস্যজীবী ছাড়া এত বিশালাকৃতির মাঝে কাবু করাও মুশকিল। তবে একবার জালে পড়লেই কেল্লাফতে। কারণ এই মাছ মোটা টাকায় বাজারে বিক্রি হয়।