সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আমলাদের জন্য এবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যার ফলে আইএএস এবং আইপিএস পদমর্যাদার আধারকারিদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ একধাক্কায় বেশ কিছুটা বাড়তে পারে বলেই মত প্রকাশ বিশেষজ্ঞদের।
কেন্দ্রীয় হারে এবার ডিএ বৃদ্ধি
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করে দিয়েছিল যে, গত জানুয়ারি মাস থেকে তাদের কর্মী এবং আধিকারিকদের জন্য ডিএ-র পরিমাণ ২ শতাংশ বাড়ানো হচ্ছে। যার ফলে এখন কেন্দ্রীয় আমলাদের মোট ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৬০ শতাংশ, যা রাজ্যের তুলনায় তিনগুণের বেশি। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবার রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতরগুলিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
নিয়মমাফিক, রাজ্যে কর্মরত অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডারদের অফিসাররা কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে থাকে। কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করায় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে তা কার্যকর করার জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করতে হয়। আর নবান্নের পক্ষ থেকে সেই প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: সরকারি চিঠিপত্র থেকে সরছে বিশ্ব বাংলার ‘ব’! ফিরে যাবে মমতার কাছে
অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের নজর এখন অর্থ দফতরের দিকেই। কারণ, গত রাজ্য বাজেটে রাজ্য সরকারের নিজস্ব কর্মীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা হয়েছিল, যা গত এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য লাগু হাওয়া আচরণবিধির কারণে সেই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি বা অর্ডার প্রকাশ আটকে ছিল। সরকারি কর্মচারীদের প্রত্যাশা, খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।










