রাজ্য সরকারি আধিকারিকদের জন্য নয়া নির্দেশিকা নবান্নর, বাধ্যতামূলক হল দুটি জিনিস

Published:

Nabanna New Guidelines

অনন্যা সরকার, কলকাতা: রাজ্য সরকারি আধিকারিকদের (Government Official) জন্য বেশকিছু নতুন নিয়ম চালু করলো নবান্ন (Nabanna)। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রশাসনিক নথিপত্র ও আধিকারিকদের পরিচয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। এখন থেকে বাধ্যতামূলকভাবে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগ ও দফতরের সরকারি চিঠিপত্র বা যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের নামের সাথে পদবি উল্লেখ করতে হবে। আর কী কী নির্দেশ দেওয়া হল, চলুন একনজরে দেখে নেওয়া যাক। 

সরকারি আধিকারিকদের পরিচয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নয়া নিয়ম

মঙ্গলবার নবান্নের কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ (Personnel and Administrative Reforms Department) সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত দফতর থেকে পাঠানো ও দফতরে আসা সরকারি চিঠিতে আধিকারিকদের নামের সঙ্গে তাঁদের পদবি উল্লেখ করতে হবে।

এ ছাড়াও বলা হয়েছে যে, সকল দফতরের আধিকারিকদের হার্ড-কপি নথিতে সাক্ষরের পাশাপাশি তাঁদের দাপ্তরিক সিল ব্যবহার করতে হবে। এই পদক্ষেপের ফলে সরকারি নথিপত্রে স্বচ্ছতা বাড়বে। নথিতে কোন পদমর্যাদার আধিকারিকের স্বাক্ষর রয়েছে এবং স্বাক্ষরটি অনুমোদিত কিনা, তা শনাক্ত করা সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: IIT থেকে UPSC, কোচিং ছাড়াই প্রথম প্রচেষ্টাতেই সফল হয়ে আজ IAS শ্রেয়া

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই পদক্ষেপগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সরকারি নথিগুলির নির্ভরযোগ্যতা বজায় রাখা সম্ভব হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করা যাবে। ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের বিভিন্ন দফতর, উপ বিভাগ, জেলা প্রশাসন, ট্রেজারি সহ নির্দিষ্ট দফতরগুলিতে কার্যকর করার জন্য পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে যে, এই নির্দেশিকা জারির ফলে সরকারি চিঠিপত্র আদান-প্রদান ও ফাইলগুলির ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা আসবে।