সৌভিক মুখার্জী, কলকাতা: পুলিশের উপর হামলার অভিযোগে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানের স্ত্রী রেজেনা বিবিকে (Jahangir Khan Wife) গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। গতকালই তাঁকে আদালতে তোলা হয়েছে। তবে তাঁর পক্ষে কোনও আইনজীবী সওয়াল করতে রাজি নন। সূত্রের খবর, আপাতত বিচারক সব্দিক পর্যবেক্ষণ করে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে শনিবারই জাহাঙ্গীর খানকে আদালতে হাজির করানো হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক।
রেজিনা বিবির হয়ে সওয়াল করবেন না আইনজীবী
এদিন জাহাঙ্গীর খানের স্ত্রীকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন যে, রাজেশ হোসেন খান বলে তিনি কাউকে চেনেন কিনা। উত্তরে রেজিনা স্পষ্ট বলেন যে, তিনি চেনেন না। এর পরই তাঁকে বিচারক জিজ্ঞাসা করেন যে তাঁর পক্ষে কোনও আইনজীবী আছেন কিনা। তবে রেজিনার বক্তব্য অনুযায়ী তাঁর পক্ষ থেকে কোনও আইনজীবী ছিলেন না। এমনিতেই জাহাঙ্গীর খানের হয়েও কোনও আইনজীবী সওয়াল করবেন না বলে জানিয়েছিল ডায়মন্ড হারবার কোর্টের বার অ্যাসোসিয়েশন। কারণ, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য অপরাধ ছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকারি লিগ্যাল এইডের এক আইনজীবী তাঁর পক্ষ নেন। কিন্তু যেহেতু রেজিনার হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি, তাই বিচারক তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।
না বললেই নয়, শনিবারই দক্ষিণ ২৪ পরগনার উস্তি এবং বিষ্ণুপুর থানা সীমান্ত লাগোয়া জুলপিয়া থেকে ডায়মন্ড হারবার থানার পুলিশ রেজিনাকে গ্রেফতার করে। বেশ কিছুদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। তদন্তের স্বার্থে প্রথমে তাঁকে উস্তি থানায় নিয়ে আসা হয়। তারপর ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক আরিফ আহমেদ ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইন ছাড়াও বেআইনি জমায়েত, এমনকি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ছক কষার অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার জন্যই তিনি এই ছক করেছিলেন, এবং সেই আন্দোলনের মদত দিয়েছিলেন রেজিনাই।
আরও পড়ুন: মহিলা T20 বিশ্বকাপ থেকে বাদ পাকিস্তান, টিম ইন্ডিয়ার জায়গা ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া
অন্যদিকে আদালত জাহাঙ্গীর খানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৪ জুলাই তাঁর মামলার শুনানি হবে। পুষ্পার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। এমনকি ভোটারদেরকে ভয় দেখানো থেকে শুরু করে ক্ষমতার বলে তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ আছে। এ বিষয়ে ফলতার বর্তমান বিজেপি বিধায়ক দেবাংশু পন্ডা বলেন, “ফলতায় এখন জাহাঙ্গীরের শাসন নয়, বরং আইনের শাসন চলছে।”










