সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ৩ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের টাকা প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার যত তাড়াতাড়ি ফর্ম ফিলাপ করতে পারবে, তাদের তত তাড়াতাড়ি টাকা ঢুকবে। আজ অর্থাৎ ১ জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার কথা। এরই মধ্যে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (Government of West Bengal)।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের
প্রসঙ্গত, অফলাইন এবং অনলাইন দু’ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করা যাবে। তবে ফর্ম ফিলাপ করে নাম নথিভুক্তির জন্য এবার রাজ্যজুড়ে ২২টি জেলার জন্য ২২ জন সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের অফিসারদের নিয়োগ করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এমনকি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম আশা কর্মী, বিএলও এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা সঠিকভাবে বাড়ি বাড়ি বিলি করছেন কিনা সেই নজরদারি করবেন তাঁরা। সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং বিডিও-কেও মুখ্য ভূমিকা পালন করতে হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন যে, আগামী ২ জুনের মধ্যেই এই টার্গেট পূরণ করতে হবে আইএএস অফিসারদের, এবং ৩ তারিখ থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। যদিও ফর্ম নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। কারণ, ১২ পাতার ফর্মে নিজের সহ পরিবারের সমস্ত সদস্যদের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।। যদিও মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “এই ফর্ম শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নয়, বরং ভবিষ্যতে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যাতে রাজ্যে দ্রুত বাস্তবায়ন করা যায় তার জন্যই আমরা ডেটা কালেক্ট করে রাখছি, এবং আমরা ফর্ম কিছুটা সহজ করার চেষ্টা করছি।”
অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ ১ জুন থেকে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। তার জন্য https://socialsecurity.wb.gov.in/login অফিসিয়াল সাইটে গিয়ে যোগ্যদের আবেদন করতে হবে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে আবেদন করার কোনও লিংক নেই। কিন্তু আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি সাইট আপডেট করা হবে এবং অনলাইনে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করে ব্যক্তিগত তথ্য, পরিবারের সমস্ত সদস্যদের তথ্য ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন করে নেওয়া যাবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন, “গুজবে কান দেবেন না। যারা ফর্ম ফিলাপ করতে পারবে না তাদের বাড়িতে বাড়িতে আমাদের প্রশাসনের আধিকারিকরা যাবে। তারাই গিয়ে ফর্ম ফিলাপ করিয়ে আনবে। বিভ্রান্ত হবেন না। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত শুরু করেছি। প্রথম পর্যায়ে বুধবার দিন থেকেই আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ট্রান্সফার করব।”










