আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্যাটসাওড়া (Patsaora) গ্রামকে কেন্দ্র করে গর্ভবতী গোমাতাকে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, গ্রামে একাধিক বাড়ি থেকে গরু চুরির অভিযোগও উঠেছে। এই ঘটনার প্রতিবাদে গ্রামের বাসিন্দা পায়েল ব্যানার্জি এলাকার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফরিদপুর থানার সামনে হাজির হন। তাঁর অভিযোগ, প্যাটসাওড়া এবং পাশের যমুনা গ্রামে পরপর এই ধরনের ঘটনা ঘটছে। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
ঠিক কী ঘটেছিল?
ঘটনার বিবরণ দিয়ে পায়েল ব্যানার্জি বলেন, “আমরা এখানে এসেছি কারণ, আমাদের প্যাটসাওড়া গ্রাম এবং আমাদের পাশের যে গ্রাম যমুনা, এই দুটোই হিন্দু গ্রাম। এক গর্ভবতী গোমাতাকে কেটে যমুনা গ্রামে ফেলে দেওয়া হয়েছে। যমুনা গ্রামের ভাইয়েরা ওদের জিজ্ঞাসা করেছিল, তোমরা কী নিয়ে যাচ্ছ? ওরা তখন বলেছিল, এখানে আমাদের খাবার রয়েছে। তখন যমুনা গ্রামের লোকজন বলেছিল, তাহলে এখান দিয়ে নিয়ে যেও না। তার প্রতিবাদ স্বরূপ ঠিক তার পরের দিনই গর্ভবতী গোমাতাকে হত্যা করে তাদের গ্রামে ফেলে রেখে দিয়ে গেছে। এটাই তাদের প্রতিবাদ, তোমরা বারণ করেছ, আমরা আরও বেশি করে করব।”
পাশাপাশি অষ্টমীর রাতে প্যাটসাওড়া গ্রামে পরপর গরু চুরির চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি। তাঁর কথায়, “অষ্টমীর দিন রাত্রিবেলা আমাদের গ্রামেরই একটা বাড়ি থেকে গোমাতাকে চুরি করে নিয়ে গেছে। চারিদিকে দেওয়াল দেওয়া, তার মধ্যে থেকেও গোমাতাকে নিয়ে গেছে। দুজনকে একসঙ্গে নিয়ে যাচ্ছিল। একজনকে নিয়ে চলে গেছে, আরেকজনকে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন বুঝতে পেরে যায়, তাই সেই গোমাতাকে আর নিয়ে যেতে পারেনি। সেই দিনই তার পাশের বাড়িতে রাত্রিবেলা একইভাবে গোমাতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাড়িতে একজন বৃদ্ধ মানুষ ছিলেন। তিনি কোনও রকমে গোমাতাকে বাঁচান, কিন্তু যারা নিয়ে যাচ্ছিল, তাদের আর ধরতে পারেননি।”
এই ঘটনার পিছনে কারা যুক্ত, সেই প্রশ্নের উত্তরে পায়েল কয়েকটি এলাকার মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “মুসলিম ভাইয়েরা এর সঙ্গে যুক্ত আছে। আরতি গ্রামের মুসলিম ভাইয়েরা এসব করছে। এছাড়াও ইচ্ছাপুরের ভাইয়েরাও রয়েছে।”
ঘটনার পর প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের কাছে বিষয়টি জানানোর চেষ্টা করেছেন বলেও দাবি পায়েলের। কীভাবে পদক্ষেপ করেছেন, তা জানিয়ে তিনি বলেন, “এই ঘটনায় আমি প্রথমেই আমাদের যে MLA রয়েছেন, তাঁর পিএ গৌরব গুপ্তাকে সবটা জানাই। উনি আমাকে বললেন, উনি দেখছেন কী করা যায়। আমি পরের দিন ফোন করি কত দূর কী এগোল, তা জানার জন্য। উনি বললেন, আমি দু’মিনিটে আপনাকে খবর দিচ্ছি। তারপরেও আমি ওনাকে ফোন করেছি, কিন্তু ওনার ফোনের কোনও রেসপন্স পাইনি। প্রায় এক সপ্তাহ আগে ফোন করেছিলাম। এছাড়াও লোকাল কিছু নেতৃত্বকে আমি জানিয়েছি, কিন্তু কোনও রেসপন্স পাইনি। তাঁরা বলছেন, সবাই এখন পুজো নিয়ে ব্যস্ত আছেন। পরে দেখছেন।”
আরও পড়ুন: NJP স্টেশনের কাছে ব্যাগ ভর্তি অস্ত্র! উদ্ধার ১৫০ রাউন্ড কার্তুজ, আতঙ্কে স্থানীয়রা
গরু চুরি ও হত্যার মতো ঘটনা বন্ধ করতে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন পায়েল। তিনি বলেন, “আমরা পুরোপুরি বন্ধ করতে চাই এটা। আমাদের রাজ্যে এটা আর চলবে না। আমরা এটাই চাই। যদি থানায় কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে থানা ঘেরাও হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এটা পুরোপুরি বন্ধ হবে, তার মানে এটাকে বন্ধ করতেই হবে।” এখন পুলিশ প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ নেন সেদিকেই নজর গ্রামবাসীদের।










