বাড়িতেই বানান খাস্তা নিমকি, চায়ের সঙ্গে জমে যাবে আড্ডার আসর, রইল পদ্ধতি

Published:

Nimki Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। কিছুদিন আগেই গেল বিজয়া দশমী, আর এখন চলছে কালীপুজোর আবহ। আর পার্বণ মানেই বাড়িতে অতিথিদের আগমন লেগেই রয়েছে। সেক্ষেত্রে বাড়িতে নিমকি (Nimki), গুজিয়া , নাড়ু আর সন্দেশ রেখে দিতেই হয়। কিন্তু অনেকে সঠিক পদ্ধতিতে নিমকি (Nimki  Recipe) বানাতে পারে না। তাই এক নজরে জেনে নেওয়া যাক কেমনভাবে নিমকি বানানো যায়।

উপকরণ

নিমকি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ৫০০ গ্রাম ময়দা, নুন, বিট নুন, কালো জিরে, জোয়ান, চিনি গুঁড়ো, সাদা তেল, আটার গুঁড়ো।

রান্নার পদ্ধতি

অনেকেই সন্ধ্যেবেলার স্ন্যাকস হিসেবে নিমকি বানালেও সেগুলো খুব একটা মুচমুচে হয় না। এমনকি বেশিদিন কৌটোয় রেখে দিলেই অনেক নিমকি আবার মিইয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তাই বেশ কিছু টিপস মেনে চলতে হয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে মচমচে নিমকি বাড়িতেই বানানো যায়।

  • প্রথমে একটা পাত্রে ৫০০ গ্রাম ময়দা, নুন, বিট নুন, কালো জিরে, জোয়ান এবং চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে।
  • তেলটা ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তারপর এটিকে ১০ মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর সময় হয়ে এলে ডো-টাকে দুইভাগ করে কেটে নিতে হবে। এবং একটা ভাগ বেলনি দিয়ে বেলে নিতে হবে।

আরও পড়ুন: একঘেয়ে পোলাও-বিরিয়ানি আর নয়, এবার ছুটির দিনে পাত জমুক আলো মামার তেহারিতে, রইল পদ্ধতি

  • পাতলা হল হয় এলে এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট বরফি আকারে কেটে নিতে হবে। কেটে রাখা কাঁচা নিমকি গুলো এবার আটার গুঁড়োর মধ্যে রেখে দিতে হবে। নিমকি গুলোও ড্রাই হয়ে গেলে এবার কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে।
  • তেলের পরিমাণটা এখানে বাড়াতে হবে যাতে নিমকিগুলো ডুবো তেলে ভাজা যায়। তেল গরম হয়ে এলে কাঁচা নিমকিগুলো দিয়ে দিতে হবে। যতক্ষণ না নিমকিগুলোর এপিঠ ওপিঠ হালকা খয়েরি রংয়ের হয়ে আসছে ততক্ষণ নিমকিগুলোকে ভাজতে হবে। ব্যস তাহলেই তৈরি খাস্তা নিমকি। সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সঙ্গে এই খাস্তা নিমকি গুলো খেতে লাগবে দুর্দান্ত
google button