অনন্যা সরকার, কলকাতা: শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) নিত্যযাত্রীদের জন্য সুখবর নিয়ে এল রেল কর্তৃপক্ষ। ট্রেনের পরিষেবা বাড়বে বলে ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। শিয়ালদহ-হাসনাবাদ (বারাসাত) শাখা ও শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার্থে আগামী ১৫ জুন থেকে চালু করা হবে এই পরিষেবা। কোন সময়ে অতিরিক্ত লোকাল ট্রেনগুলি চালানো হবে, আসুন জেনে নিই।
বারাসাত-হাসনাবাদ শাখা
প্রতিদিন বিকেল ৩:২০-তে হাসনাবাদ থেকে বেরিয়ে ৪:৩৯ মিনিটে বারাসাত পৌঁছবে ট্রেনটি।
শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখা:
সোনারপুর থেকে ভোর ৬:০৫ মিনিটে ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৭:১০-এ। এবার ৭:২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে সকাল ৮:৫৮ মিনিটে শিয়ালদহ স্টেশনে ঢুকবে। এবার ৯:৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছাবে সোনারপুর। এই বিশেষ পরিষেবা শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটে সোমবার থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে।
ট্রেন পরিষেবা বাড়াচ্ছে রেল
সকাল ৮:৫৮ মিনিটের ৩৩৪৩১ আপ শিয়ালদহ–বারাসত লোকাল ট্রেনটি এবার থেকে হাসনাবাদ পর্যন্ত যাবে। সকাল ১১:০৬ মিনিটে ট্রেনটি (Hasnabad Sealdah Local) হাসনাবাদ পৌঁছবে। রেল কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে, এই রুটগুলিতে সাম্প্রতিককালে দিনের ব্যস্ত সময়ে যাত্রীদের চাপ অসম্ভব বাড়ছে। তাই যাত্রীরা ট্রেন বাড়ানোর দাবি করছিলেন। তারই ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নিরিবিলি, অল্প চেনা! বর্ষায় ঘুরে আসুন দক্ষিণবঙ্গের ‘ডুয়ার্স’ থেকে
এছাড়া, লোকাল ট্রেনগুলিতে বর্তমানে তিনটি করে মহিলা কামরা সংরক্ষিত থাকে। ডায়মন্ড হারবার শাখায় মহিলা কামরা কমানোর দাবিতে আন্দোলন করা হচ্ছিল। রেলের তরফে জানানো হয়েছে যে, মহিলাদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই কামরাগুলি রাখা হয়েছে। মহিলা কামরার সংখ্যা কমানো হবে না। শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের সমস্যা মেটাতে তাই নতুন ট্রেন পরিষেবা চালু করা হল।










