১৫ বছরের পুরনো গাড়ির রোড পারমিট বাতিল? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার রাজ্যজুড়ে ১৫ বছর কিংবা তার বেশি পুরনো গাড়ি চলাচল নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কলকাতার পরিবহন ভবনে ৪৩টি সিএনজি এবং ৭টি ইলেকট্রিক বাস মিলিয়ে মোট ৫০টি নতুন এসি বাস উদ্বোধন করেছেন তিনি। আর সেখান থেকেই পুরনো গাড়ি নিয়ে একাধিক বক্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

পুরনো গাড়ি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১৫ বছর কিংবা তার বেশি পুরনো গাড়ি যে পরিবেশের জন্য ক্ষতিকর এবং ব্যবহারের অযোগ্য তা নিয়ে অন্তত এক মাস ধরে প্রচার চালানো উচিত। এই গাড়িগুলিকে কোনওভাবেই আইনত রোড পারমিট দেওয়া উচিত নয়, এবং রিনিউ করা সম্ভব নয়। এগুলিকে অবিলম্বে রাস্তা থেকে সরাতে হবে। এগুলো দিনের পর দিন পরিবেশ দূষণ করছে। এর থেকে সরকারের রাজস্ব অনেকটাই বাড়বে।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কলকাতা মেট্রো নেটওয়ার্কের ভবিষ্যৎ নিয়েও বড় কথা শুনিয়েছেন। তাঁর স্পষ্ট দাবি, কলকাতার মূল মেট্রো কেন্দ্রীয় রেল মন্ত্রকের আওতায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, রেলই এর রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণের কাজ করবে। আমরা শুধুমাত্র সহযোগিতা করব। আমরা আসানসোল–দুর্গাপুর বা আসানসোল–শিলিগুড়ি করিডরে খুব শীঘ্রই মেট্রো ব্যবস্থা গড়ে তুলতে চাই। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন: “ছাত্র-ছাত্রীদের মারছেন, লজ্জা করে না?” এবার CJP আন্দোলন নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং

এছাড়াও ট্রাম নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ট্রাম আমাদের ঐতিহ্য এবং একে রক্ষা করতে যাবে। কিন্তু পরিবহন মন্ত্রীকে যানজটের কথা মাথায় রাখতে হবে। এমন এমন জায়গা দিয়ে ট্রাম চালাতে হবে যেখানে সুন্দর দৃশ্য বা দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু আমাদেরকে পরিবহন ব্যবস্থাকে দ্রুত, আধুনিক এবং পরিবেশবান্ধব করতে হবে। সেই কারণেই পুরনো গাড়িগুলিকে অবিলম্বে রাস্তা থেকে সরানোর বন্দোবস্ত করতে হবে। এ বিষয়ে পরিবহনমন্ত্রীর দায়িত্ব নিতে হবে। কারণ, এই গাড়িগুলো দিনের পর দিন পরিবেশকে দূষিত করে আসছে।