প্রত্যন্ত গ্রামেও মিলবে পরিশ্রুত পানীয় জল! বাংলার জন্য ৩৯ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

Published:

Jal Jeevan Mission

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় এখন ডাবল ইঞ্জিনের সরকার। কেন্দ্রের সমস্ত সুবিধা পেতে শুরু করেছে পশ্চিমবঙ্গবাসী। সেই সূত্রে এবার প্রত্যন্ত গ্রামের অলিগলিতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার। বাম জমানা বলুন বা তৃণমূল, এতদিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রের জল জীবন মিশনের আওতায় (Jal Jeevan Mission) ‘নমানি গঙ্গে’ প্রকল্পের সুবিধা মেলেনি। তবে গতকাল নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠক করে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাংলায় জল জীবন মিশনে ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ

এদিন মিটিং শেষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “আজ নবান্নে আমি মাননীয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল-জির সঙ্গে সাক্ষাৎকার করলাম। কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান কর্মসূচি জল জীবন মিশন এখন গোটা পশ্চিমবঙ্গে পুরোদমে বাস্তবায়িত হতে চলেছে। এই মিশনটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর সেই দূরদর্শিতা ভাবনার প্রতিফলন। এর মূল লক্ষ্য হল রাজ্যের প্রতিটি বাড়িতে এমনকি প্রত্যন্ত গ্রামগুলোতেও কলের মাধ্যমে নিরাপদ এবং পানযোগ্য জল পৌঁছে দেওয়া।”

মুখ্যমন্ত্রী আরও লেখেন যে, “এখন থেকে পশ্চিমবঙ্গ সরকার জল শক্তি মন্ত্রকের সহযোগিতায় নমামি গঙ্গে কর্মসূচি এবং জলশক্তি অভিযানের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে অংশগ্রহণ করবে। যার ফলে কেবলমাত্র রাজ্য উপকৃত হবে না, বরং জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রকল্পগুলি আরও গতি পাবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের আগের সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এবং অন্যায্যভাবে কৃতিত্ব দাবি করার অপচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু বঞ্চনার সেই দিন শেষ হয়েছে। মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিজেপি সরকার একেবারে প্রতিশ্রুতবদ্ধ।”

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ৭টি নতুন লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন রুট ও সময়সূচি

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, জলশক্তি মিশনের আওতায় নমামি গঙ্গে জলশক্তি অভিযানের মতো বেশ কিছু প্রকল্পে শুধুমাত্র রাজ্য সরকারের লাভ হবে না, বরং জাতীয় ক্ষেত্রেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য কেন্দ্রের সাথে ৩৯ হাজার কোটি টাকার স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জলশক্তি মন্ত্রকের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে জল জীবন মিশনের স্বাক্ষরও সম্পন্ন করেছে দাবি করছে রাজ্য সরকার। খুব দ্রুত গতিতে সেই প্রকল্পের কাজ এগোচ্ছে। এতে জলের সমস্যা দূর হবে রাজ্যবাসীর।