বদলে যাচ্ছে শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, সুবিধা হবে যাত্রীদের

Published:

Sealdah-Asansol Intercity Express

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল সুখবর। আগামী কয়েকদিনের মধ্যে আপনিও কি ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল আজকের খবরটি। বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ ট্রেনে LHB কোচ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস (Sealdah-Asansol Intercity Express) ট্রেনটি আধুনিক LHB কোচে চলবে খুব শীঘ্রই।

LHB কোচ পেতে চলেছে শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের

সূত্রের খবর, ট্রেন নম্বর ১২৩৮৩/১২৩৮৪ শিয়ালদহ – আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের জন্য নতুন এবং আধুনিক LHB অর্থাৎ Linke Hofmann Busch র‍্যাক বরাদ্দ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই পুরোনো ICF কোচগুলিকে বিদায় জানিয়ে এই জনপ্রিয় ইন্টারসিটি ট্রেনটি নতুন লাল-ধূসর রঙের ঝাঁ-চকচকে LHB কোচ নিয়ে ট্র্যাকে নামতে চলেছে।

ICF কোচ ডিপাচের তথ্য অনুযায়ী, ট্রেনের জন্য LHB কোচ চেন্নাইয়ের ইনটেগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) থেকে ২৪ ও ২৫ আগস্ট ২০২৬-এ পাঠানো শুরু হয়েছে। নতুন কোচের ফলে আরও ভালো যাত্রার অভিজ্ঞতা পাবেন যাত্রীরা, সেইসঙ্গে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকবে ট্রেনে যা আপনার যাত্রাকে আগের তুলনায় আরও বেশ খানিকটা নিরাপত্তার করে তুলবে। এদিকে ট্রেন নিয়ে এরকম সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষও। কেউ কেউ বলছেন, ট্রেনে এবার এসি চেয়ার কারও দিয়ে দিক দুটো। অন্য আরেকজন লিখেছেন, ‘এই ট্রেনটা কে যদি পুরুলিয়া পর্যন্ত এক্সটেন্ড করতো তাহলে খুব ভালো হতো, শিয়ালদাহ থেকে পুরুলিয়া যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, হাওড়া হয়ে ঘুর পথে যেতে হয়, অনেক টাই সময় লাগে, শিয়ালদাহ থেকে দূরত্ব অনেক টা কম এবং সময় ও কম লাগবে কলকাতা আসার জন্য মানুষ এর যোগাযোগ অনেক সুবিধা হবে, জানিনা সরকার এই বিষয় টা নিয়ে ভাববেন কিনা।’

আরও পড়ুনঃ ট্রেন ও স্টেশন নোংরা করলে দ্বিগুণ জরিমানা, নিয়ম বদলাল রেল

ট্রেনের সময়সূচি

এবার জেনে নেওয়া যাক ট্রেন নম্বর ১২৩৮৩/১২৩৮৪ শিয়ালদহ – আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি সম্পর্কে। ট্রেনটি আসানসোল থেকে ছাড়ে সকাল ৬:৪০ মিনিটে, এরপর সেটি শিয়ালদা ঢোকে সকাল ১০:৪৫ নাগাদ। যাত্রার সময় লাগে ৪ ঘণ্টা ৫ মিনিট। ২২০ কিমি রাস্তা কভার করে ট্রেনটি।