প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় ফের GTA দুর্নীতি (GTA Corruption) নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, মঙ্গলবার কালিম্পংয়ের প্রশাসনিক কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে পাহাড়ের উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দিলেন তিনি। আর সেখানেই হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন যে, “জিটিএ দুর্নীতিগ্রস্তদের কাউকে ছাড়া হবে না। FIR হবে। গ্রেপ্তারি করাও হবে।” পাশাপাশি কালিম্পংঙে মেডিক্যাল কলেজ (Kalimpong Medical College) ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার কালিম্পংয়ের সশরীরে প্রশাসনিক কর্মসূচিতে যোগদান করার কথা ছিল কিন্তু কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়। তাই বাধ্য হয়ে শিলিগুড়িতে ফিরে এসে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালিম্পং এর আধিকারিকদের সঙ্গে নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। আর তখনই সেই বৈঠকে জিটিএ দুর্নীতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল সরকারের আমলে জিটিএ-তে একাধিক দুর্নীতির অভিযোগও তুলে ধরেন আলোচনায়।
GTA দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী
এদিন বৈঠকে GTA-তে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, “১১ বোর্ডের টাকা নয়ছয় হয়েছে। পাহাড়ে পানীয় জল, শিক্ষক দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি হয়েছে। টাকা লুট হয়েছে। সবকিছুর তদন্ত হবে। FIRও হবে। গ্রেপ্তারিও হবে। শুধু তাই নয়, লুটের টাকা ফেরত নেওয়া হবে।” ইতোমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে নেপাল এবং মিরিক-সহ পাহাড়ের বিভিন্ন অংশে ধসের ঘটনার কথা মাথায় রেখে রাজ্য সরকার পাহাড়ের জন্য ২৫৪ কোটি টাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল মঞ্জুর করেছে।
আরও পড়ুন: ৫০০ বছরের মন্দির দখলের অভিযোগ পূর্ব বর্ধমানে, সুবিচারের আশায় আদালতে সেবায়েত
কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ ও সামাজিক প্রকল্প
বৈঠকের আলোচনায় জায়গা পায় কালিম্পং মেডিকেল কলেজ। এই কলেজ স্থাপনের অনুমোদন বাজেটে দেওয়া হয়েছিল। সেই সূত্রে মুখ্যমন্ত্রী জানান যে তিনি স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়ে প্রয়োজনীয় আর্থিক অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। পরবর্তী কালিম্পং সফরেই এই মেডিক্যাল কলেজের ভূমিপূজো সম্পন্ন হবে। এ ছাড়া কালিম্পং জেলায় আয়ুষ্মান কার্ড এবং অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে ইতিমধ্যে ১ লক্ষ ১৫ হাজার ৩১১টি আয়ুষ্মান কার্ড সক্রিয় হয়েছে। এবং ১৫ হাজার যোগ্য মহিলাকে ‘অন্নপূর্ণা যোজনা’র অধীনে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে।










