প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, ১ আগস্ট থেকেই সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পড়তে চলেছে ইসকনের (ISKCON) খাবার। তাই সেই অনুযায়ী আজ কলকাতা পুরসভা এলাকার ৫০০টি সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ৪৪ হাজার ছাত্র-ছাত্রীর পাতে সুষম আহার তুলে দেওয়ার মধ্য দিয়ে পাইলট প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি রান্নাঘরেও মিড ডে মিল (Mid Day Meal) রান্না করতে দেখা যায় তাঁকে। আর এই আবহে মিড ডে মিলের মেনু কী হবে তা নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আজ থেকেই মিড ডে মিলে ইসকনের খাবার
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ, প্রায় ৪৪ হাজার ছাত্র-ছাত্রীর পাতে সুষম আহার তুলে দেওয়ার মধ্য দিয়ে পাইলট প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে ইসকনে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনও। গোটা মেগা কিচেনের ব্যবস্থাপনা পরিদর্শন করেন তাঁরা। মেগা কিচেনের উদ্বোধনের পরেই মিড ডে মিল সরবরাহ করার ইলেকট্রিক গাড়িও চালু করতে ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী। এই গাড়ির মাধ্যমেই ইসকনের মেগা কিচেন থেকে রান্না করা খাবার স্কুলে পৌঁছে যাবে। এছাড়াও খাবার ভরা প্রতিটি কনটেনার সিলড থাকবে। গাড়ি স্কুলে পৌঁছনোর পর স্কুল কর্তৃপক্ষের সাক্ষর নেওয়ার পরেই কনটেনারের সিল খোলা যাবে।
VIDEO | Kolkata: “ISKCON will serve mid-day meals to 44,000 students in 500 Kolkata schools; Coverage to expand to 2.5 lakh within three months”, says West Bengal CM Suvendu Adhikari (@SuvenduWB).
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/X3SQizofAl
— Press Trust of India (@PTI_News) August 1, 2026
ইসকনের মেনুতে কী কী থাকবে?
জানা গিয়েছে, ইসকনের অঙ্গসংস্থা ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর রান্নাঘর থেকে প্রযুক্তি ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। ইসকন প্রস্তাবিত সুষম খাদ্যতালিকায় প্রধান খাদ্য হিসেবে রাখা হয়েছে ভাত অথবা খিচুড়ি অথবা পোলাও। প্রোটিন ও তরকারি হিসেবে রাখা হয়েছে পনির অথবা ছানা, সোয়াবিন অথবা মরশুমি সবজি অথবা বাদাম। এছাড়াও মিষ্টি ও পুষ্টির কথা মাথায় রেখে রাখা হয়েছে ভিন্ন রকমের মিষ্টি অথবা মরশুমি ফল। পাতে ডিম না দেওয়া নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে নানা বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই নিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, “ইসকনের একটি রীতিনীতি ও ধর্মীয় বিশ্বাস রয়েছে, সেখানে কোনও সমঝোতা করা সম্ভব নয়, তাই আমরা ওড়িশা মডেল অনুসরণ করে চলব।”
আরও পড়ুন: এখনই বাড়ছে না হাসপাতালে রোগীদের খাবার বাবদ বরাদ্দ! স্থগিতাদেশ হাইকোর্টের
ডিম বিতর্ক নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
ডিম বিতর্ক নিয়ে সমালোচকদের উদ্দেশে শুভেন্দু অধিকারী জানান যে, “ ইসকনের সাত্ত্বিক খাবারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের মাধ্যমে সপ্তাহে দু’দিন শিক্ষার্থীদের সিদ্ধ ডিম বিতরণ করা হবে। আশা করি সমালোচকরা এবার একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন আর মনে মনে হলেও সরকারের এই পদক্ষেপের প্রশংসা করবেন। শুধু বিকাশ নয়, ঐতিহ্য-সংস্কৃতিকে অগ্রগতির জন্য ত্রুটিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ” এছাড়াও ইসকন রান্না ও বিতরণের দায়িত্ব নেওয়ায় হাজার হাজার রাঁধুনী কাজ হারাবেন বলে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, “কারোর কাজ কেড়ে নেওয়া হবে না। ইসকন রান্নার কাজে বর্তমান কর্মীদের পুরোপুরি যুক্ত রাখবে। আগের সরকার যেখানে রাঁধুনীদের মাসে ২,০০০ টাকা দিত, নতুন সরকার চলতি মাস থেকেই তা ১,০০০ টাকা বাড়িয়ে মত ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।”










