নবম নয়, এবার অষ্টম শ্রেণিতেই সাইকেল! ‘সারথি’র শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Published:

Sarathi Scheme Bicycle

অনন্যা সরকার, হাওড়া: আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমতো রাজ্যের ছাত্রছাত্রীদের হাতে ‘সারথি’ (Sarathi Scheme) সাইকেল তুলে দেওয়ার কার্যক্রমের শুভারম্ভ হল আজ (২৯ সেপ্টেম্বর)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল থেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে রাজ্যে চালু হওয়া ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সারথি’ প্রকল্প রাখা হয়েছে। তারসাথে পরিবর্তন হয়েছে সাইকেলগুলি রঙও। নীলের বদলে নতুন গেরুয়া বা কমলা রঙের সাইকেল পাবে পড়ুয়ারা। জানা গেছে ৫০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। 

সারথি প্রকল্পের উদ্বোধন হাওড়ার স্কুল থেকে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সমস্যা দূর করতে ও বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানোর উদ্দেশ্যে ‘সবুজ সাথী’ প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, বিগত সরকারের আমলে চালু হওয়া কোনও জনকল্যাণমূলক প্রকল্পই বন্ধ করা হবে না। পরে তিনি ঘোষণা করেন যে, ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সারথী’ রাখা হবে। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ‘সারথি’ প্রকল্পের আওতায় সাইকেল এবার আর নবম নয়, অষ্টম শ্রেণি থেকেই দেওয়া শুরু হবে। এই প্রকল্পের অধীনে উপকৃত হবে প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়া।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, নতুন সরকার গঠনের ৫ মাস পূর্ণ হওয়ার আগেই এই প্রকল্পটি চালু করলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ব্যাঁটরার প্রায় ১৪০ বছরের পুরনো মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল থেকে সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়, শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ, হাওড়ার নগরপাল সহ আরও বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনের পর ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতেও তুলে দেওয়া হবে নতুন সাইকেল। 

 আরও পড়ুন: পুরভোটের আগেই বড় উপহার KMC-র, মকুব হল বকেয়া সম্পত্তি করে পেনাল্টি-সুদ

শরীরচর্চা ও স্কুলশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি, সরকারের এই উদ্যোগটির অন্যতম প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ করে তোলা। স্কুল পড়ুয়াদের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতের অসুবিধা লাঘব করার লক্ষ্যে সাইকেল বিতরণের এই উদ্যোগ চালু করা হয়। এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে। চলতি অর্থবর্ষের মধ্যে ১২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার ‘সারথি’ প্রকল্পের শুভারম্ভ করল।

google button