স্কুলে ঢুকে শিক্ষিকাকে মারধর, হুমকি! ভয়ঙ্কর কাণ্ড গোবরডাঙায়

Published:

Gobardanga

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলে ঢুকে শিক্ষিকাদের হেনস্থা (Teacher Harassment) প্রাক্তন ছাত্রীর, শিক্ষক নিগ্রহের চাঞ্চল্যকর ও নজিরবিহীন ছবি সামনে আসতেই হুলুস্থুল কাণ্ড গোবরডাঙা (Gobardanga) গার্লস হাই স্কুলে। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার দুপুরে এই ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্কুল চত্বরে। একাধিক ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই গোবরডাঙা থানায় স্কুলের তরফ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা যায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অন্তর্গত গোবরডাঙা গার্লস হাই স্কুলে শিক্ষক নিগ্রহের চাঞ্চল্যকর ও নজিরবিহীন ছবি সামনে এসেছিল। স্কুলেরই এক শিক্ষিকাকে বেধড়ক মারধর এবং তাঁর দিকে ইট ছুড়ে মারতে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রাক্তনী তরুণীর বিরুদ্ধে। সূত্রের খবর, অভিযুক্ত তরুণীর বোন একাদশ শ্রেণীতে পড়াশোনা করলেও সে দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে আসত না। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকে সে মাত্র দুই থেকে তিন দিন ক্লাসে উপস্থিত হয়েছিল। আর এই অনিয়মিত উপস্থিতি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করেছিলেন স্কুলের শিক্ষিকারা। আর তাতেই হয়েছে ঝামেলা।

আক্রমণাত্মক আচরণের প্রাক্তন ছাত্রীর

বোনের পাশে দাঁড়াতে গতকাল, মঙ্গলবার সোজা স্কুলে এসে চড়াও হন ওই ছাত্রীর দিদি। সকলের সামনেই তিনি শিক্ষকদের ওপর চিৎকার শুরু করেন এবং অভিযোগ তোলেন যে, ইংরেজির এক শিক্ষিকা নাকি তাঁর বোনকে স্কুলের ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। এছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষিকাদেরও বেপরোয়া হুমকি দিতে শুরু করেন ওই তরুণী। আর এই অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণের দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও বন্দী করতে গেলেই এক শিক্ষিকা তীব্র হেনস্থা ও মারধরের শিকার হন। ওই তরুণী নাকি সেই শিক্ষিকাকে শারীরিকভাবে নিগ্রহ করেন এবং মাটিতে পড়ে থাকা একটি ইট তুলে তাঁকে মারার চেষ্টা করেন।

আরও পড়ুন: মামলা গড়িয়েছিল হাইকোর্টে, ‘বাগবাজারে দুর্গাপুজো হবেই’ ঘোষণা কমিটির

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোবরডাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দনা বসু ঘোষ দস্তিদার জানিয়েছেন, “৩৩ বছরের শিক্ষকতা জীবনে এমন ঘটনা দেখিনি। ছাত্রীর দিদি এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী। শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণের পাশাপাশি হুমকিও দিয়েছেন।” এই নিয়ে সমালোচনায় সরব অন্যান্য অভিভাবকরাও। তবে এখনো অভিযুক্ত এবং তার বোনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।