প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার বুকে ছড়িয়ে পড়েছে সন্ত্রাসের জাল, গতকাল, বর্ধমান থেকে STF এর জালে ধরা পড়েছিল জঙ্গি হামিম মণ্ডল (Terrorist Hamim Mondal)। অভিযোগ তিনি নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হামলার ছক কষেছিলেন। তবে তিনি একা ছিলেন না, এবার জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে STF-র জালে ধরা পড়লেন হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার (Arpita Sarkar Arrested)। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অভিযোগ, হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করাই ছিল তাঁর কাজ।
পাক জঙ্গি মডিউলে যুক্ত হামিমের বান্ধবী অর্পিতা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্স’ থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে STF। তাঁর সঙ্গে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে গভীর যোগাযোগ ছিল হামিমের। আর তাঁকে ৫ ঘণ্টা টানা জেরা করতেই অর্পিতার নাম জানতে পারেন তদন্তকারীরা। সঙ্গে সঙ্গে অর্পিতার খোঁজে বেরিয়ে পড়ে STF টিম। শেষে রাতের দিকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অর্পিতাকে। জানা যায়, হামিমের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অর্পিতার এবং তারা যৌথভাবে একটি নাশকতামূলক ও অপরাধমূলক চক্র চালাতেন। হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট, নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি গতিবিধি নজরে রাখাই ছিল অর্পিতার কাজ।
জোরকদমে চলছে তল্লাশি
তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ ছিল হামিম এবং অর্পিতার। তাদের দায়িত্ব ছিল জঙ্গি মডিউলে রিক্র্যুটমেন্টের। এছাড়াও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের গতিবিধি থেকে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ, বিভিন্ন জায়গায় রেইকি করা- এইসব দায়িত্বও ছিল তাঁদের। কিন্তু সংগ্রহ করা তথ্য কোথায় পাঠানো হয়েছে, কাদের ব্যাপারেই বা তথ্য সংগ্রহ করা হয়েছে এই নিয়ে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। শুধু তাই নয়, পাকিস্তান থেকে এইসব জঙ্গিদের কাছে টাকাপয়সা কীভাবে আসত, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি কুলগামে, নাম জেনে শ্রমিকদের গুলি জঙ্গিদের! দাবি রিপোর্টে
উল্লেখ্য, অর্পিতাও শাহজাদ ভাট গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে জানতে পেরেছেন এসটিএফ- এর আধিকারিকরা। এর আগে শাহজাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ, শাহজাদ মডিউলের বিভিন্ন সহযোগীদের অন্যান্য রাজ্য থেকেও গ্রেফতার করা হয়েছিল। উত্তরপ্রদেশ, বিহার, নয়ডা, দিল্লি- সহ বিভিন্ন জায়গায় শাহজাদ মডিউলের জঙ্গি যারা পাকিস্তানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখত, তাদের গ্রেফতার করেছে। আর এবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হল দুই জঙ্গিকে। জানা গিয়েছে, হামিম ও অর্পিতাকে সামনাসামনি বসিয়ে মুখোমুখি জেরার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।










