টুলুর মূল অফিস সিল করল পুলিশ, মেয়ের পেট্রোল পাম্পেও তালা! দুবাইতে গা ঢাকা দিলেন অভিযুক্ত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবৈধভাবে পাথর খাদান চালানোর অভিযোগ রয়েছে টুলু মন্ডলের নামে (Tulu Mondal)। একেবারে বেআইনিভাবে বিপুল সম্পত্তি করেছিলেন তিনি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন, টুলু বিদেশে চলে গেছে। পরে ধীরে ধীরে জানা গেল, বর্তমানে দুবাইতে মেয়ে জামাইয়ের বাড়িতে রয়েছেন তিনি। সেখানেই নাকি আরামে দিন কাটাচ্ছেন টুলু মন্ডল। এদিকে অভিযুক্তের পাথর ব্যবসার অফিস সিল করে দিয়েছে পুলিশ। অভিযোগ, ট্রেড লাইসেন্স ছাড়াই পাথরের ব্যবসা চালাচ্ছিলেন টুলু।

টুলুর অফিসে পুলিশের হানা

জানা গিয়েছে, শনিবার রাতে মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে টুলুর মোহাম্মদ বাজারের সোঁতশাল এলাকার পাথর ব্যবসার মূল অফিসে হানা দিয়েছিলেন পুলিশ অফিসাররা। অফিসের ভেতরে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তাঁরা। এরপর কিছু ফাইল সেখান থেকে বের করে নিয়ে অফিসটি সিল করে দেন তদন্তকারীরা। এদিকে কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, টুলু মন্ডল পাথরের ব্যবসার জন্য আদৌ কোনও ট্রেড লাইসেন্স করিয়েছিলেন কিনা সে বিষয়ে কেউই অবগত নন।

পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, টুলু ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স বানিয়েছিলেন কিনা সেই সংক্রান্ত তথ্য নেই। বানাতেও পারেন আবার নাও বানাতে পারেন! তবে অভিযোগ রয়েছে, কোনও রকম ট্রেড লাইসেন্স ছাড়াই নাকি অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিলেন অভিযুক্ত টুলু মন্ডল। এও অভিযোগ, টুলু নিজের পাথর খাদান ব্যবসার জন্য যে পার্কিং ব্যবহার করতেন তার একাংশ সরকারের খাস সম্পত্তি। তবে সেই পরিমাণটা জানা যায়নি এখনও।

অবশ্যই পড়ুন: “নাগরিকত্ব অজানা থাকলে বিদেশিদের দেশ ছাড়া করা যায় না” সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

অন্যদিকে টুলুর বিপুল সম্পত্তির পরেও তাঁর মেয়ের নামে একটি পেট্রোল পাম্পের হদিশ পেতেই সেটি সিল করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টুলু মন্ডলের আরও একটি অ্যাকাউন্ট। এখানেই শেষ নয়, টুলু মন্ডলের দুই হিসাব রক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরই মাঝে টুলুর পেট্রোল পাম্পের ম্যানেজার পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত টুলু মন্ডলের মেয়ে অন্তঃসত্ত্বা। বর্তমানে দুবাইতে রয়েছেন তিনি। সেখানেই মেয়ে জামাইয়ের সাথে রয়েছেন নাজিবুদ্দিন ওরফে টুলুও। সবমিলিয়ে প্রশাসনের হাত থেকে পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টায় অভিযুক্ত ব্যবসায়ী!