চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, কারা যোগ্য? কীভাবে আবেদন করবেন জানুন

Published:

Vivekananda Merit Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করার পর গতকাল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক ছিল শুভেন্দু অধিকারীদের। সেখানে সপ্তম বেতন কমিশন গঠন থেকে শুরু করে মহিলাদের বাস ভ্রমণ ফ্রি সহ একাধিক ঘোষণা করা হয়েছে। তবে এর পাশাপাশি ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়া বন্ধ হয়েছে বাংলায় (Government of West Bengal)। সেই তালিকায় পুরোহিত ভাতা, ইমাম মোয়াজ্জেমদের ভাতাও রয়েছে। তবে তারই মধ্যে মেধাবী পড়ুয়াদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Merit Scholarship) চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু কীভাবে আবেদন করবেন আর কারাই বা এই স্কলারশিপের সুবিধা পাবেন? সবটাই জানুন এই প্রতিবেদনে।

চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসভিএমসিএম স্কলারশিপ নামেই এটি চালু ছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিবেকানন্দ মেরিট স্কলারশিপের অনুমোদন দিয়েছেন, এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের আওতায় আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন। সেক্ষেত্রে কোনও ধর্ম বর্ণ নির্বিশেষে স্টাইপেন্ড দেওয়া হবে। কিন্তু এই স্কলারশিপ পেতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা

বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে বলেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সেগুলি হল—

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  • মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের পাশাপাশি পেশাদার কোর্সের ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
  • পরিবারের কেউ সরকারি চাকরি করলে হবে না।

কত টাকা স্টাইপেন্ড মিলবে?

এই স্কলারশিপে মূলত কোর্সের উপর নির্ভর করেই স্টাইপেন্ড দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, মাধ্যমিক পাশ করলে বছরে ১০ থেকে ১২ হাজার টাকা দেওয়া হবে, উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে পড়াশোনা করলে ১২ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা দেওয়া হবে। তবে কেউ পেশাদার কোর্সে ভর্তি হলে তাঁকে ৬০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং, বিএড বা পিএইচডি পড়ুয়ারা অন্তর্ভুক্ত থাকে।

কীভাবে আবেদন করবেন?

বিবেকানন্দ মেরিট স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে যে কোনও ব্রাউজারে গিয়ে svmcm.wbhed.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
  • তারপর কোন শ্রেণীর জন্য আবেদন করবেন তা সিলেক্ট করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিন, এবং প্রিন্ট আউট রেখে দিন।

আরও পড়ুন: চরমে উঠছে সোনা, রুপোর দাম! আজ কলকাতায় রেট কত?

কী কী ডকুমেন্ট দরকার?

বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি দরকার হবে সেগুলি হল—

  • পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট। সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরের মার্কশিট দরকার পড়বে।
  • পরবর্তী ক্লাসে ভর্তির রিসিভ কপি।
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সিগনেচার।