শিক্ষক-পুলিশ মিলিয়ে ১ লাখ চাকরি, মেয়েদের জন্যও বড় সুযোগ, ঘোষণা বাজেটে

Published:

West Bengal Budget 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: বাজেটে (West Bengal Budget 2026) এবার কর্মসংস্থান নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার! জানা গিয়েছে, বাজেটে এক ধাক্কায় বিপুল কর্মসংস্থানের (Recruitment Update) কথা ঘোষণা করে রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে মোট এক লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রার্থীদের মধ্যেই তুমুল হইচই পড়ে গিয়েছে। শুধু তাই নয়, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও বড় ঘোষণা করা হল বাজেটে।

৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারীদের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এবার রাজ্য সরকার ১ লক্ষ শূন্যপদ পূরণ করতে চলেছে। আর সেই শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ আসন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, প্রায় ৩৩ হাজার সরকারি পদে মহিলারা সরাসরি নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়াও ২০ হাজার পদে পুলিশ কর্মী এবং ৫০ হাজার পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। পাশাপাশি কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প থেকে ফেরত আসা যুবদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হবে।

বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়

বিগত কয়েক বছর ধরে নিয়োগ নিয়ে কোনো আশা দেখাচ্ছিল না পূর্বতন সরকার। যার ফলে বহু চাকরিপ্রার্থীরই বিভিন্ন সমস্যার কারণে সরকারি চাকরির বয়সের মেয়াদ পেরিয়ে যাচ্ছিল। তাই এবার সেই দিকে নজর রেখে সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়ার সুবিধা প্রদান করা হল। ফলে যাঁরা বয়সের কারণে আটকে যাচ্ছিলেন, তাঁরা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এখানেই শেষ নয়, বেতন নিয়েও বড় আপডেট প্রকাশ্যে এল। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন এবং পার্শ্বশিক্ষকদেরও বেতন মাসে ৫ হাজার টাকা বাড়ল, বাড়ল ৫ হাজার টাকা। সেই সঙ্গে মিড-ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি হল ১,০০০ টাকা করে।

আরও পড়ুন: বিধবা ভাতা থেকে বার্ধক্য পেনশন বৃদ্ধির ঘোষণা বাজেটে

সিভিল ডিফেন্স কর্মীদের মাসে অন্তত ২০ দিনের কাজের প্রস্তাব রাখা হয়েছে। রাজ্য রিজার্ভ ফোর্সে ২টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাব রাখা হয়েছে। রাজ্যে KYC নির্ভর জব কার্ড হোল্ডার যাঁরা রয়েছেন, তাঁদের জন্য ১২৫ দিনের কাজের কথা বলা হয়েছে। এছাড়াও রাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্সটিটিউশন তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আপাতত নিউটাউনে তৈরি হবে সেই প্রশিক্ষণ শিবির।