বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত আগস্ট মাসের 16 তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে জনগণনার (Census 2026) তথ্য সংগ্রহের কাজ। সেই কাজ সম্পূর্ণ করার সময়সীমা ছিল 14 সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবার পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্যে জনগণনার প্রথম ধাপের ফিল্ড ওয়ার্ক 100 শতাংশ সম্পূর্ণ হয়েছে। যা রাজ্যের নতুন সরকারের (Government Of West Bengal) জন্য বড় মাইলফলক সে কথা বলার অপেক্ষা রাখে না।
100 শতাংশ সম্পূর্ণ হল প্রথম ধাপের ফিল্ড ওয়ার্ক
বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের জনগণনার ফিল্ড ওয়ার্ক সংক্রান্ত তথ্য জানানোর পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “14 সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে জনগণনার তথ্য সংগ্রহের শেষ তারিখ ছিল। তার আগেই ফিল্ড ওয়ার্ক এর 100 শতাংশই সম্পূর্ণ হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। নিষ্ঠা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নিরলস প্রতিষ্ঠার মাধ্যমেই প্রশাসনিক তৎপরতায় রাজ্যের প্রত্যেকটি প্রান্তে নির্ভুলভাবে এই কাজ শেষ করা গিয়েছে।”
নিজের এক্স হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, 100 শতাংশ হাউসলিস্টিং ব্লকের কাজ শেষ হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা, মহকুমা, ব্লক, পুরোনিগম এবং পৌরসভা মিলিয়ে মোট 1,73,066টি হাউসলিস্টিং ব্লকের কাজ সম্পূর্ণ করা গিয়েছে। জনগণনার প্রথম ধাপে 3 কোটি 69 লাখ বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যার মধ্যে 3 কোটি 68 লাখ 30 হাজার 150টি বাড়ির জনগণনার তথ্য সংগ্রহ করা গিয়েছে। অর্থাৎ প্রায় 99.7 শতাংশ বাড়ির তথ্য সংগ্রহ করার কাজ সম্পূর্ণ হয়েছে।
I am immensely pleased to share that West Bengal has achieved 100% field work completion for Census Phase 1 well within the deadline of September 14, 2026.
A proud and momentous milestone for West Bengal.
Through sheer dedication, meticulous planning and relentless effort, our… pic.twitter.com/b811lVUJjT— Suvendu Adhikari (@SuvenduWB) September 16, 2026
আরও পড়ুন: আটকে রেখেছে সৌদি আরব, এই ভারতীয়কে দেশে ফেরাতে ১.৮০ কোটি টাকা তুলল আমজনতা
গোটা রাজ্যজুড়ে বাড়িতে গিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য হাজার হাজার গণনাকারী এবং সুপারভাইজারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই বৃহৎ কর্মযজ্ঞ তৃণমূলস্তরে থাকা কর্মীদের ছাড়া সম্ভব হতো না। সব রকম আবহাওয়ায় পাহাড়, সমতল, নদীবেষ্টিত এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরে তথ্য সংগ্রহ করে এনেছেন যেসব গণনাকারী এবং সুপারভাইজাররা, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে জনগণনায় গণনাকর্মী এবং রাজ্য সরকারকে সহযোগিতা করার জন্য রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।










