লুঙ্গি পরে ভোট দিতে যাওয়া বৃদ্ধকে বের করে দিল বাহিনী, তারপর যা হল

Published:

West Bengal Election 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, রাজ্যে তুলনামূলকভাবে দ্বিতীয় দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে (West Bengal Election 2026)। তবে এই নির্বাচন ঘিরে উঠে আসছে নানান প্রশ্ন। সেই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের একটি ঘটনাও। অভিযোগ, এক ভোটার লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় তাঁকে বুথেই ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। কেন তিনি লুঙ্গি পরে ভোট দিতে এসেছেন এমন প্রশ্ন তুলেই ওই বৃদ্ধকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরে অবশ্য তিনি একটি প্যান্ট যোগাড় করে তা পরেই ভোট দিতে যান।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ

সূত্রের খবর, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বেড়গুম এক নম্বর পঞ্চায়েতের কুচলিয়ার বাসিন্দা আব্দুল রউফ মন্ডল লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় তাঁকে ফেরত পাঠিয়ে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে ঘটনায় সরব হয়েছেন অনেকেই। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের পোশাকে ফতোয়া জারি করার অভিযোগ তুলছেন গাইঘাটার বাসিন্দারা। জানা যায়, এর আগেও বহুবার কুচলিয়া গ্রামের পুরুষরা নিজেদের স্বাচ্ছন্দকে এগিয়ে রেখে লুঙ্গি পরে ভোট দিতে গিয়েছিলেন। আব্দুল রউফেরও পূর্বের অভিজ্ঞতা খারাপ নয়। কিন্তু এ বছরই প্রথমবারের মতো লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় আটকালো কেন্দ্রীয় বাহিনী।

জানা যায়, প্রথম দিকে কেন্দ্রীয় বাহিনীকে বোঝানোর চেষ্টা করলেও তারা না মানায় বাড়িতে ফিরে এসে পরে নিজের নাতির একটি প্যান্ট জোগাড় করে তা পরেই ফের ভোট দেওয়ার জন্য নিজের বুথের উদ্দেশ্যে রওনা দেন ওই প্রৌঢ়। পরবর্তীতে অবশ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিতে পেরেছিলেন তিনি। যদিও ভোট দান সেরে এসে কেন্দ্রীয় বাহিনীর অদ্ভুত আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ওই বৃদ্ধ। এমন ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গাইঘাটা বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের মানুষ।

অবশ্যই পড়ুন: তৃণমূলের শাসন শেষ? বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, দেখুন এক্সিট পোলের রিপোর্ট

সূত্রের খবর, লুঙ্গি পরে ভোট দিতে দেওয়া হচ্ছে না এমন খবর পেতেই এই ঘটনার তীব্র নিন্দা জানায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নাকি বেশ কিছু প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছিল। যার কারণে শেষ পর্যন্ত নিজেদের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। জানা গিয়েছে, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সংশ্লিষ্ট বুথে পরবর্তীতে লুঙ্গি পরে ভোট দিতে যাওয়া ব্যক্তিদের বাধা দেয়নি কেন্দ্রীয় বাহিনী।