সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সরকারের জনপ্রিয় প্রকল্প সবুজ সাথীর বদলে এবার রাজ্যের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে সারথির উন্নতমানের সাইকেল (Sarathi Cycle)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগে যেখানে নবম শ্রেণীতে এই সাইকেল দেওয়া হত, এখন থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা পাবে সুবিধা। তবে সেই সাইকেল বিতরণের কর্মসূচি শুরুর কয়েক দিনের মধ্যেই দানা বাঁধল নতুন বিতর্ক। অভিযোগ, সরকারি অনুদানে পাওয়া সারথির সাইকেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
বিক্রি শুরু হল সারথির সাইকেল
তৃণমূলের আমলে সবুজ সাথীর সাইকেল নিয়ে দুর্নীতি কম হয়নি। স্কুল থেকে সাইকেল পেয়েই তা বিক্রি করার অভিযোগ ওঠে। এমনকি শুধু রাজ্যের মধ্যে নয়, বরং বাংলার গণ্ডি পেরিয়ে বিদেশেও সেই সাইকেল বিক্রি হতো বলে অভিযোগ। বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সবুজ সাথী সাইকেল দেদার বিকত। তবে নতুন সরকারের সেই সারথি সাইকেল নিয়েও এবার ধরা পড়ল একই চিত্র।
এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে, ফেসবুক মার্কেটপ্লেস সহ বিভিন্ন অনলাইন কেনাবেচার মাধ্যমে দেদার বিক্রি হচ্ছে সারথির নতুন সাইকেল। ব্যবহার না করেই স্কুল থেকে পাওয়া এই সাইকেল সরাসরি মার্কেটপ্লেসে তুলে দেওয়া হচ্ছে কিছু স্বল্প মুনাফার লোভে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী, সরকারের দেওয়া এই সাইকেল বিক্রি করা আইনত অপরাধ। তা সত্ত্বেও কিছু পড়ুয়া সেই নির্দেশকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে নামমাত্র মূল্যে অনলাইন বাজারে নতুন সাইকেল বিক্রি করছে।

আরও পড়ুন: “হবে, হবে! প্রমিস, প্রমিস” অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
আসলে আগের সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, যাতায়াতের সুবিধার্থে ও স্কুলছুট কমাতেই কোটি কোটি টাকা খরচ করে চালু করেছিল সবুজ সাথী প্রকল্প। রাজ্যের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে দেওয়া হত এই সাইকেল যা কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করে। তবে নতুন সরকার সেই প্রকল্প বন্ধ না করে শুধু নাম এবং সাইকেলের গুণগত মান পরিবর্তন করে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের দিচ্ছে সুবিধা। তা সত্ত্বেও আগের চিত্র এখনও বিরাজমান। এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষামহল এবং সচেতন নাগরিক। এখন দেখার প্রশাসন এ নিয়ে কী ব্যবস্থা নেয়।










