আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) স্বাস্থ্য প্রকল্পের (West Bengal Health Scheme) আওতাভুক্ত কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা। এবার থেকে রাজ্যের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস ইনডোর চিকিৎসার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি আর্থিক সুবিধা পাওয়া যাবে। অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে ১৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা WBHS-এর আওতায় বেসরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ক্যাশলেস চিকিৎসার সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ চিকিৎসার জন্য আর্থিক সীমা বেড়ে হলো আড়াই গুণ।
এই টাকা কোন কোন চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য?
প্রকাশিত নতুন নির্দেশিকায় অনুযায়ী, এই বর্ধিত ৫ লক্ষ টাকার ক্যাশলেস সীমা পাওয়ার কিছু শর্ত রয়েছে। যেমন, এই সুবিধা শুধুমাত্র সেই সমস্ত ইনডোর চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে সংশ্লিষ্ট রোগীকে রাজ্যের অন্তর্ভুক্ত কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে। আর সেটাও হতে হবে ১ অক্টোবর ২০২৬ বা তার পরে। ফলে সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি হলে পুরনো ২ লক্ষ টাকার সীমাই প্রযোজ্য থাকবে। যদি ১ অক্টোবর কোনও রোগীকে ভর্তি করানো হয় সেক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী চিকিৎসার জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে।

এই সুবিধা কিন্তু শুধুমাত্র কর্মরত সরকারি কর্মীদের জন্য নয়। স্পষ্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় নথিভুক্ত সমস্ত কর্মী এবং পেনশনভোগীর পাশাপাশি তাঁদের যোগ্য পরিবারের সদস্যরাও এই সংশোধিত সীমার আওতায় থাকবেন। অর্থাৎ প্রকল্পের আয়তায় থাকা এবং নির্দিষ্ট শর্তগুলি পূরণ করা পরিবারের সদস্যরাও প্রয়োজন অনুযায়ী বাড়তি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন: গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, ২৫ বছরে কত বেতন বাড়ল নরেন্দ্র মোদীর?
তবে শুধু ক্যাশলেস সীমাই বাড়ানো হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অন্যান্য শর্ত ও নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। অর্থাৎ চিকিৎসার সুবিধা পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে প্রকল্পে উল্লেখিত যোগ্যতাগুলি থাকতে হবে এবং অনুমোদিত হাসপাতালেই ভর্তি করাতে হবে। নইলে এই সুবিধা মিলবে না।









