বিক্রম ব্যানার্জী, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলায় কত দাঙ্গা হয়েছে গুনে গুনে বললেন অমিত শাহ (Amit Shah On TMC)। এদিন পশ্চিম বর্ধমানের জনসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে খোলাখুলি অভিযোগ করেন, বাংলায় হিন্দুদের উপর বারবার অত্যাচার হচ্ছে। বঙ্গে দাঙ্গার কারণে প্রতিবার আক্রান্ত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজনই। সোমবার এমন বক্তব্য সামনে রেখেই মমতা সরকার জামানায় হওয়া দাঙ্গার হিসেব দিলেন শাহ।
বাংলায় হওয়া দাঙ্গার হিসেব দিলেন অমিত শাহ!
পশ্চিম বর্ধমানের জনসভা থেকে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পশ্চিমবঙ্গের বাসিন্দারা সব দাঙ্গার হিসেবে রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 2016 সালে হাওড়া থেকে শুরু করে মালদার কালিয়াচক, 2017 সালে বাদুড়িয়া 2022 সালে বগটুই-বীরভূম, 2023 দলে রিষড়া কান্ড, 2024 এবং 2025 সালে মুর্শিদাবাদ এমনকি 2026 সাল পর্যন্ত হওয়া প্রত্যেক দাঙ্গায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। প্রত্যেকবার নির্যাতনের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষই।
এদিন বর্ধমানের জনসভা থেকে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যে আইন-শৃঙ্খলা একেবারে নেই বললেই চলে। তা নাহলে প্রত্যেকবার দাঙ্গার পুনরাবৃত্তি হতো না। এদিন তৃণমূল সরকারের প্রত্যেক ক্ষেত্রে ব্যর্থতা একেবারে আঙুল দিয়ে চিহ্নিত করে দেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় প্রত্যেকটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীরা যথাযথ শাস্তি পাবে।
সীমান্ত নিরাপত্তা নিয়েও মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলায় সভা করতে এলেই বিজেপির নেতাদের রাজ্য সরকারকে আক্রমণ করার অন্যতম হাতিয়ার হয়ে ওঠে সীমান্তের ঢিলেঢালা নিরাপত্তা ও অনুপ্রবেশ! এদিনও ফের পুরনো কথা তুলে ধরে সীমান্ত নিরাপত্তা নিয়ে সরব স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের একেবারে সরাসরি অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সকে প্রয়োজনীয় জমি দিচ্ছে না বলেই সীমান্তে সঠিকভাবে কাঁটাতার বসানোর কাজ শেষ করা যায়নি।
অবশ্যই পড়ুন: ২০ বছরে ১০৬০ ব্যাটসম্যান ব্যর্থ, সেই রেকর্ড গড়ার শেষ সুযোগ বৈভব সূর্যবংশীর হাতে
অমিত শাহের সংযোজন, সীমান্ত সুরক্ষিত না থাকলে বাংলার মানুষ জন সমস্যায় পড়বেন। তাই প্রত্যেকের সতর্ক হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, রাজ্য এবং কেন্দ্র সমন্বয়ের বড় অভাব থাকায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়ছে। একই সাথে বিধানসভা নির্বাচনের আগে এদিন অমিত শাহ একেবারে সরাসরি তৃণমূলের কর্মীদের গুন্ডা বলে উল্লেখ করে বলেন, “আমি তৃণমূলের গুন্ডাদের সাবধান করে দিচ্ছি। ভোটের আগে তোমরা বাড়িতেই থেকো। না হলে 5 মে-র পরে তোমাদের কেউ বাঁচাতে পারবে না!”












