প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হলেই কিছুই চটপটে মুখরোচক খাবার (Evening Snacks) খেতে ইচ্ছে করে। ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, কাটলেট কিংবা শিঙাড়া, কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাওয়াও উচিত নয়। তাই বাড়িতেই কিছু একটা বানাতে হবে। সেক্ষেত্রে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন চিঁড়ের কাটলেট (Chirer Cutlet)। এর জন্য দরকার পড়বে সামান্য কিছু উপকরণের। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
উপকরণ
চিঁড়ের কাটলেট রান্না করার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল – চিঁড়ে, আলু, গাজর কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাটমশলা, ভাজা মশলা, সুজি, কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন, পাতিলেবুর রস, সাদা তেল।
রান্নার পদ্ধতি
- চিঁড়ে দিয়ে আমরা নানারকমের রান্না করে থাকি, যেমন চিঁড়ের পোলাও, দই চিঁড়ে, চিঁড়ে মাখা ইত্যাদি। তাই আজকে এই চিঁড়ে দিয়ে বানানো যাক চিঁড়ের কাটলেট। রইল পদ্ধতি –
- প্রথমে চিঁড়েগুলো ভালোভাবে ছেঁকে নিয়ে আলাদা পাত্রে রেখে সেগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর কয়েকটা আলু মাঝখান থেকে অর্ধেক করে খোসা না ছাড়িয়ে গরম জলে সেদ্ধ করে নিতে হবে।
- ভিজিয়ে রাখা চিঁড়েগুলোর থেকে এবার জল ছেঁকে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এবং সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সেগুলি ভালো করে চটকে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি এবং আদা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
আরও পড়ুন: স্বাদে আনুন নয়া চমক, বাড়িতেই বানান ইসকন স্টাইলে ‘বেগুনের রাজকন্যা’
- সবজিগুলোর মধ্যে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা এবং চাটমশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যাতে মশলাগুলো ভালোভাবে সবজির সাথে মিশে যায়। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে সুজি, কর্নফ্লাওয়ার, ময়দা এবং সামান্য বেসন।
- সম্পূর্ণ মিশ্রণটা জল ছাড়া ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পাতিলেবুর রস। সম্পূর্ণটা পুনরায় ভালো করে মেখে নেওয়ার পর হাতের সামান্য সাদা তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট করে মিশ্রণ হাতে নিয়ে গোল আকারে বানিয়ে নিতে হবে।
- কড়াইতে এবার সাদা তেল গরম করে সেই চিঁড়ের মিশ্রণগুলো এক এক করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ হালকা বাদামী রং হয়ে এলেই তুলে নিতে হবে আলাদা পাত্রে। ব্যস, তাহলেই তৈরি চিঁড়ের কাটলেট।










