প্রীতি পোদ্দার, কলকাতা: ডাল, ভাতের সঙ্গে একটু গরম গরম বেগুন (Eggplant) ভাজা থাকলে চেটে পুটে প্লেট সাফ হয়ে যায় নিমেষে। দরকার পড়ে না বাড়তি কোনো পদের। এমনকি নিরামিষ তরকারিতেও (Recipe) বেগুনের আলাদাই রোয়াব রয়েছে। শুধু কি তাই! বেগুন দিয়ে মাছের পাতলা ঝোলের স্বাদও হয় দুর্দান্ত। কিন্তু কখনও কি খেয়ে দেখেছেন ইসকন স্টাইলে বেগুনের রাজকন্যা (Beguner Rajkanya)? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে এই রেসিপিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
উপকরণ
বেগুনের রাজকন্যা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- বেগুন, আলু, টমেটো, আদা, পাকা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, হিং, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কসৌরি মেথি, ধনে গুঁড়ো, চিনি, ধনেপাতা কুচি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে বেগুনগুলিকে মাঝখান থেকে অর্ধেক করে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেটি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে খোসা না ছাড়িয়ে আলুগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিতে হবে। এবং কড়াইতে জল গরম করে সেগুলিকে সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে।
- এরপর টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে সেগুলোকে ঘষণী দিয়ে ঘষে নিতে হবে এবং একটি ব্লেন্ডারে আদা ও পাকা লঙ্কার মিশ্রণ বানিয়ে নিতে হবে। সেগুলিকে অন্য পাত্রে ঢেলে ওই একই ব্লেন্ডারে পোস্ত ও কাজু বাদাম বেটে নিতে হবে। অন্যদিকে আলুগুলো সেদ্ধ হয়ে এলে সেগুলির খোসা ছাড়িয়ে নিতে হবে।
- কড়াইতে এবার সর্ষের তেল গরম করে ওর মধ্যে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নিতে হবে। হালকা বাদামি রং হয়ে এলে সেগুলোকে আলাদা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। সামান্য নুন এবং হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন: আলু পটল অতীত, এবার বাড়িতেই বানান মাখোমাখো পেঁয়াজ পোস্ত, রইল রেসিপি
- হালকা ভাজা ভাজা হয়ে এলে আলুগুলো আলাদা পাত্রে তুলে এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার হিং ছড়িয়ে দিয়ে ওর মধ্যে আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে টমেটো বাটা।
- মশলার সঙ্গে টমেটো বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খানিকটা কষে এলে দিয়ে দিতে হবে কসৌরি মেথি, পোস্ত কাজু বাদাম বাটা এবং সামান্য জল দিয়ে ভালো করে ৫-৬ মিনিট কষিয়ে নিতে হবে।
- মশলার থেকে তেল বেরিয়ে এলে এবার ওর মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে এলে ওর মধ্যে ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দিতে হবে। ৫-৬ মিনিট পর নামিয়ে ফেলতে হবে। এবং উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি বেগুনের রাজকন্যা।









