আলু পটল অতীত, এবার বাড়িতেই বানান মাখোমাখো পেঁয়াজ পোস্ত, রইল রেসিপি

Published:

Peyaj Posto

প্রীতি পোদ্দার, কলকাতা: পোস্ত (Posto) দিয়ে হরেক রকমের রান্না করা হয়ে থাকে বাঙালির হেঁসেলে। এঁচোড় পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত ইত্যাদি। কিন্তু কখনো কি চেখে দেখেছিলেন পেঁয়াজ পোস্ত (Peyaj Posto)? তাই আমাদের আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছে পেঁয়াজ এবং পোস্তর নয়া যুগলবন্দি পেঁয়াজ পোস্ত। ছুটির দিনের দুপুরে বা রাতে গরম ভাতের সঙ্গে এই পদ জমিয়ে দেবে খাওয়ার টেবিল। তাহলে চলুন ঝটপট জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

পেঁয়াজ পোস্ত বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল- পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাদা সর্ষে, পোস্ত, টমেটো কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ, চিনি, সর্ষের তেল, ঘি।

রান্নার পদ্ধতি

  • পেঁয়াজ পোস্ত বানানোর জন্য প্রথমে দুই থেকে চারটি পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে লম্বা করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে চার পিস করে কেটে ভিতর থেকে দানাগুলোকে ফেলে দিতে হবে।
  • অন্যদিকে একটি বাটিতে সামান্য সাদা সর্ষে এবং পোস্ত ভালো করে জল দিয়ে ধুয়ে একটি ব্লেন্ডারে সেগুলি দিয়ে দিতে হবে। এরপর ওর মধ্যে নুন এবং ঝাল অনুযায়ী কয়েকটি কাঁচালঙ্কা দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এরপর কয়েকটি রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে সেগুলি কুচি কুচি করে কেটে নিতে হবে

আরও পড়ুন: কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু দুধ ভাজা, রইল রেসিপি

  • কড়াইতে এবার সামান্য সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা রসুন কুচি ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। যখন রসুনের গন্ধটা তেলে ভালো করে মিশে যাবে তখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে।
  • পেঁয়াজ হালকা খয়েরি রং হলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটা। আর তার সঙ্গেই দিয়ে দিতে হবে সামান্য নুন, হলুদ গুঁড়ো এবং চিনি। ভালো করে সবটা মাখিয়ে নেওয়ার পর অন্তত ২-৩ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে এলে মাখোমাখো অবস্থায় ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যস তাহলেই তৈরি পেঁয়াজ পোস্ত।
google button