বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বর্তমানে চেন্নাই সুপার কিংসে মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। 22 গজে মূলত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত এই ভারতীয় তারকা। এবার তাঁরই শেয়ার বাজার (Stock Market) সংক্রান্ত একটি পরামর্শ নতুন করে শিরোনামে এলো। বিশেষ করে তরুণ ও নতুন বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারের F&O বা ফিউচারস-অপশন ট্রেডিং নিয়ে সতর্ক করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মাহির পরামর্শ, F&O তে বিনিয়োগ করার আগে এর সাথে জড়িত ঝুঁকি বা সমস্যাগুলো জেনে নেওয়া প্রয়োজন।
শেয়ার বাজারের নতুন বিনিয়োগকারীদের জন্য ধোনির পরামর্শ
নতুন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মহেন্দ্র সিং ধোনির বক্তব্য, F&O ট্রেডিংয়ে খুব দ্রুত বাজারের প্রতি মানুষের মনোভাব বদলে যায়। একদিন কোনও একটি শেয়ার কেনার পরামর্শ দেওয়া হলেও পরের দিনই সেটি বিক্রির পরামর্শ দেওয়া হতে পারে। ঠিক সে কারণেই নতুনদের উদ্দেশ্যে ভারতীয় তারকার একেবারে স্পষ্ট বক্তব্য ছিল, F&O-তে না ঢোকাই ভালো, কারণ একবার এতে আটকে গেলে বেরিয়ে আসা কঠিন হতে পারে।
মাহি মনে করেন, রোমাঞ্চের জন্য শেয়ার বাজারে নিজের কষ্টের টাকা বিনিয়োগ না করে অন্য উপায়ে সেই অর্থ বিনিয়োগ করা উচিত। F&O-তে ক্ষতির প্রসঙ্গ তুলেও সতর্কবার্তা দিয়েছিলেন ধোনি। তাঁর দাবি, ট্রেডিং অ্যাপ খুললেই সাধারণত ঝুঁকি নিয়ে সতর্কতা দেওয়া হয় এবং প্রায় 90 শতাংশ F&O ট্রেডিংয়ে লোকসান হয় বলেই উল্লেখ করলেন মাহি। একেবারে মজার ছলে এদিন ধোনি প্রশ্ন করেছিলেন, তাহলে সেই 10 শতাংশ লাভ করা ট্রেডার কারা, যাঁরা বাকিদের টাকা নিয়ে ধনী হচ্ছেন? ঠিক এইসব কারণেই F&O থেকে নিজেকে দূরে রাখেন বলেই জানিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন: বাংলার সন্দীপের গোলে সাফ ফাইনাল জয়, বাংলাদেশে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নেওয়া তারকা ধোনি বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট করে বলেছিলেন, “দয়া করে F&O তে প্রবেশ করবেন না। অন্যথায় আপনি ফাঁদে পড়তে পারেন। আর একবার যদি আপনি ফাঁদে পড়ে যান তবে সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন!” সব মিলিয়ে বলাই যায়, শেয়ার বাজারে ট্রেডিং বা F&O বিনিয়োগ থেকে নতুন বিনিয়োগকারীদের দূরে থাকারই পরামর্শ দিচ্ছেন মাহি।










