প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মাত্র কেটেছে দুর্গাপুজোর আমেজ। দিন রাত বাইরে বাইরে খাওয়া দাওয়া, রাত জেগে ঠাকুর দেখা ইত্যাদি চলেছে। আর তাতেই পেটের সমস্যা (Stomach Problem) বেড়েছে। এদিকে পেট খারাপ মানেই ঘন ঘন বাথরুমে দৌড়ানো। এই সময় অনেকেই ওষুধ খান। ওষুধ খেয়ে পেট খারাপ কমান, তবে এসব ছাড়াও দুর্বলতা কাটাতে বেশ কিছু স্বাস্থ্যকর খাবার (Stomach Infection Remedies) খাওয়া বেশ জরুরি। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
পেটখারাপ হলেই শরীরে একাধিক সমস্যা বাড়তে থাকে। মূলত পেটগরম থেকে শুরু হয় জ্বর, আর তার সঙ্গে মাথা ব্যথা, সর্দি তো আছেই। ঠিকভাবে চিকিৎসা না করাতে পারলে ডায়ারিয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তাই সেই অসুস্থতা দূর করতে হলে এই ৪ খাবার খাওয়া বেশ জরুরি। রইল বিস্তারিত।
আরও পড়ুন: ভালো বেগুন কেনার আগে মেনে চলুন এই টিপসগুলি
আদা চা
পেটখারাপের পাশাপাশি পেটে ব্যথা, গ্যাস অম্বল, বমি বমি ভাব কাটাতে আদা চা খুবই ভালো। কারণ আদা এসব থেকে রেহাই দিতে পারে। গরম জলে আদা কুচিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে সামান্য পাতিলেবুর রস আর মধু দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে খান। দেখবেন আদা দারুণ কাজ করবে।
টক দই
পেট খারাপের সময় আমাদের পেটে অনেক ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে, এই সময় সেগুলি পুরোপুরি মেরে ফেলার জন্য টক দই খুব ভালো কাজ করে। কারণ টক দইয়ের মধ্যে রয়েছে প্রোবায়োটিক গুণ। এতে পেট ঠান্ডা যেমন থাকে এমনকি হজমের গোলমালও দূর হয়। এটি যেমন শুধু শুধু খাওয়া ভালো ঠিক তেমনই আবার ভাতের সঙ্গে মেখে খেলেও কাজ দেয়।
আরও পড়ুন: শীতকালে গোড়ালি ব্যথা দূর করুন এই উপায়ে
ORS এর জল
পেট খারাপের সময় ORS এর জল খাওয়া বেশ উপকারী। আসলে পেট খারাপ হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং খনিজ বেরিয়ে যায়। যার ফলে ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা থাকে। তাই এই সমস্যা সমাধানের সেরা দাওয়াই হল ওআরএস। এর জন্য এক লিটার জলে এক প্যাকেট ওআরএস মিশিয়ে বারবার পান করুন। এই কাজটা করলেই দেহে ভিটামিন ও খনিজের ঘাটতি মিটে যাবে।
রাইস স্যুপ
পেট খারাপের সময় অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় শরীর একদম দুর্বল হয়ে পড়ে। তাই এই সময় সেরে ওঠার পর সবচেয়ে পরিচিত ও সহজ খাবার হতে পারে ভাত। কিন্তু অনেকের মুখে স্বাদ না থাকায় ভাত খেতে চায় না। তাই এর জন্য সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে ভাত সেদ্ধ করে রাইস স্যুপ হিসেবে খাওয়া যেতে পারে।










