বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel (Bharti Airtel)। এবার সেই সংস্থার কর্ণধার অর্থাৎ চেয়ারম্যান সুনীল মিত্তাল নিজের অবসরের কথা জানালেন। বৃহস্পতিবার, 1985 তে প্রতিষ্ঠিত Airtel এর মালিক জানিয়েছেন, তিনি আগামী 10 বছরের মধ্যেই সংস্থার সমস্ত দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবেন। এক কথায়, মালিকানা হস্তান্তর করবেন তিনি। CNBC এর রিপোর্ট অনুযায়ী, সংস্থার আর্নিংস কলের সময়ে মালিকানা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন মিত্তাল।
10 বছরের মধ্যেই সংস্থার দায়িত্ব পাবেন এরা
গতকাল অর্থাৎ বুধবার, পুনরায় ভারতী এয়ারটেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুনীল মিত্তাল। চেয়ারম্যান হিসেবে এই নতুন মেয়াদ কার্যকর হবে আগামী পহেলা অক্টোবর থেকেই। যদিও এর জন্য এখনও শেয়ারহোল্ডারদের অনুমতি প্রয়োজন। তবে মনে করা হচ্ছে তাঁরা সুনীল মিত্তালকেই চেয়ারম্যান করার অনুমতি দেবেন। তবে আগামী 10 বছরের মধ্যেই যে সুনীল মিত্তাল সংস্থার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সে কথা বলাই যায়। আর সেটা হলে সুনীল মিত্তলের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাঁর উত্তরাধিকার বা মনোনীত ব্যক্তিই অথবা ব্যক্তিরাই এই সংস্থার দায়িত্ব পাবেন।
যদিও নতুন মালিকানা হস্তান্তরের আগে সংস্থার বড় শেয়ার হোল্ডারদের নিয়ে বৈঠক করবেন বর্তমান চেয়ারম্যান সুনীল মিত্তাল। তাঁর মনোনীত প্রার্থী যদি সকলের পছন্দ হয় এবং তাঁরা যদি পাকাপাকিভাবে অনুমতি দেন তবেই সেই ব্যক্তি বা ব্যক্তিদের ভারতী এয়ারটেলের মালিকানা হস্তান্তর করা হবে। যদিও এরই মাঝে শোনা যাচ্ছে, সংস্থাটির প্ল্যানগুলি খুব শীঘ্রই ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
অবশ্যই পড়ুন: ভারতীয় পর্যটকদের নিয়ে কড়াকড়ি নয়, হঠাৎ সুর নরম করল নেপাল
Airtel এর প্যানের দাম বাড়বে?
রিপোর্ট অনুযায়ী, ভারতী এয়ারটেল সর্বশেষ ত্রৈমাসিকে 28,831 কোটি টাকা আয় করেছে। যা গত ত্রৈমাসিকের তুলনায় একেবারে 8 শতাংশ বেশি। একই সাথে সংস্থাটির ARPU 5 শতাংশ বৃদ্ধি পেয়ে 245 টাকা থেকে 257 টাকায় পৌঁছেছে। কিন্তু তা সত্বেও সংস্থাটির কর্ণধার অর্থাৎ বর্তমান চেয়ারম্যান সুনীল মিত্তাল বলছেন, বর্তমানে তিনি ব্যবহারকারী প্রতি গড় আয়ে একেবারেই সন্তুষ্ট নন। যত দ্রুত সম্ভব এই আয় বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হতে পারে। আর সেটা হলে সংস্থাটির রিচার্জ প্ল্যানের দাম যে বাড়বে সেটাই স্বাভাবিক।










