বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই সম্পদের নিরিখে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ছাড়িয়ে ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়েছিলেন গৌতম আদানি (Gautam Adani)। এবার তাঁর সম্পদ আরও বাড়ল। গত বুধবার, শেয়ার বাজারে তীব্র পতন দেখা দেওয়ায় বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমেছে। অবাক করা বিষয়, সেসবের মধ্যেও গৌতম আদানির সম্পদের পরিমাণ লাফিয়ে বেড়েছে। শেয়ার বাজারের কঠিন সময়ের মধ্যেও আদানি গ্রুপের শেয়ারের দাম বৃদ্ধি পায়। যার জেরে ভারতীয় শিল্পপতির মোট সম্পদের পরিমাণ 3.58 বিলিয়ন ডলার বেড়েছে। অন্যদিকে সম্পদের নিরিখে ধাক্কা খেয়েছেন মুকেশ আম্বানি।
বড় ধাক্কা খেলেন মুকেশ আম্বানি
সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বুধবার শেয়ার বাজারের ধসের মাঝেও ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ 3.58 বিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়ায় তাঁর সম্পদ সর্বসাকুল্যে গিয়ে দাঁড়িয়েছে 112 বিলিয়ন ডলারে। চলতি বছরের হিসেব অনুযায়ী, 2026 এ গৌতম আদানির সম্পদের পরিমাণ এ পর্যন্ত 27.7 বিলিয়ন ডলার বেড়েছে। আদানি গ্রুপের সংস্থা আদানি এন্টারপ্রাইজ গত বুধবার জানিয়েছে, তারা তাদের বিমানবন্দরের ব্যবসায়ের ক্ষেত্রে 5.54 শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি হয়ে গিয়েছে।
সংস্থাটি জানায়, শেয়ার বিক্রি করার জন্য ইতিমধ্যেই টেমাসেক, ব্ল্যাকরক, প্রেমজি ইনভেস্ট এবং আলফা ওয়েভ সহ বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে খুব শীঘ্রই চুক্তি করতে চলেছে। এর ফলে আদানি গ্রুপের আয় হবে প্রায় 1 বিলিয়ন ডলার। বলাই বাহুল্য, আদানির সম্পদের পরিমাণ যেখানে দিন দিন বাড়ছে সেই পর্বে দাঁড়িয়ে গত বুধবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 1.26 বিলিয়ন ডলার কমেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে আম্বানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে, 84.8 বিলিয়ন ডলারে। যা আদানির তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় উপেক্ষার জবাব, ইংল্যান্ডে ১০ উইকেট তুলে নিজের গুরুত্ব বোঝালেন কুলদীপ
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সাফল্যের ধাক্কা সামলাতে না পেরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 24 নম্বরে নেমে এসেছেন আম্বানি। ওদিকে এশিয়া মহাদেশের মধ্যে এতদিন দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে থাকলেও এবার মুকেশ আম্বানি নেমে এলেন তিন নম্বরে। যেখানে গৌতম আদানি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 18 নম্বরে এবং এশিয়া মহাদেশের মধ্যে শীর্ষে রয়েছেন। বলে রাখা প্রয়োজন, সম্পদের নিরিখে মুকেশ আম্বানির জায়গা দখল করে যিনি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন তিনি হলেন চিনের শিল্পপতি তথা বাইটড্যান্সের সহ প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। তাঁর মোট সম্পদের পরিমাণ এই মুহূর্ত 92.8 বিলিয়ন ডলার।










