আনিষা চৌধুরী, কলকাতা: শুরু হয়ে গেছে বাংলার সবথেকে চর্চিত শো ‘বিগ বস বাংলা সিজন ৩’ (Bigg Boss Bangla)। বিগ বসের ঘরে ২৪ ঘণ্টাই জন্ম নিচ্ছে নতুন গল্প, নতুন উত্তেজনা। একটা ছোট্ট কথাতেই বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ, বন্ধু হয়ে যাচ্ছে শত্রু আবার শত্রু হয়ে উঠছে বন্ধু। তার উপর প্রতিযোগীদের মধ্যে কে কাকে টেক্কা দেবেন, কে কার পাশে দাঁড়াবেন আর কে ঝোঁপ বুঝে কোপ মারবেন, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শক।
আর সেই কারণেই ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রতিটি নতুন পর্ব এখন শুধু বিনোদন নয়, রীতিমতো চর্চার বিষয়। ঘরের অন্দরমহলে ঘটে যাওয়া প্রায় প্রত্যেকটি ঘটনা মুহূর্তেই পৌঁছে যাচ্ছে দর্শকদের আলোচনার কেন্দ্রে। কখনও প্রতিযোগীদের কথার লড়াই, কখনও আবেগের বিস্ফোরণ, আবার কখনও এমন কোনও সিদ্ধান্ত, যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সব মিলিয়ে জমে উঠেছে খেলা। কোন ঘটনা নতুন করে বিতর্কের আগুন জ্বালায়, দর্শকদের নজর এখন সেদিকেই।
জয়িতা বনাম দুর্নিবার
বিগ বস-এর সদস্যদের মতে, এই মুহূর্তে ঘরে থাকা ১৫ জনের মধ্যে সবথেকে বেশি বিরক্তিকর ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জয়িতা। হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়ে ঘরের প্রায় প্রতিটি মেম্বারের সঙ্গেই তিক্ততার সম্পর্ক তৈরি করে ফেলেছে সে। গতকালের পর্বে ঝিলামকে টার্গেট করে নিজে দর্শকদের সিমপ্যাথি আদায় করার চেষ্টা করেছিল জয়িতা, এমনটাই ধারণা অন্যান্য সদস্যদের। ফলস্বরূপ ঘরের অনেকেই এই মুহূর্তে একেবারেই ভালো চোখে দেখছে না জয়িতাকে।
অন্যদিকে মাইন্ড গেম খেলতে খেলতে অনেকের কাছেই চোখের বালি হয়ে উঠেছে দুর্নিবার। সদস্যদের মধ্যে অনেকেই জানিয়েছে দুর্নিবার সবার সামনে সবার হয়ে বলে আর সবার পিছনে অন্য সুরে গায়। নিজের স্বভাবদোষে আজকের পর্বে ধরা পড়ে যায় সে। জয়িতা জানতে পেরে যায় তার বিষয়ে অশালীন মন্তব্য করেছে দুর্নিবার! শুরু হয় ঝামেলা, চলে একে অপরের পরিবারকে আক্রমণ এবং সেখান থেকে শুরু হয় জয়িতার কান্নাকাটি।
আরও পড়ুন: অশ্লেষা নক্ষত্রে লক্ষ্মীলাভ, সৌভাগ্যের তালা খুলবে ৫ রাশির! আজকের রাশিফল, ৮ সেপ্টেম্বর
বিগ বস আজকের পর্বে একটা ছোট্ট খেলার আয়োজন করে। যেখানে বাড়ির সদস্যরা যেকোনো দুজনকে নমিনেট করতে পারবে এলিমিনেশনের জন্য। আর সেখানে সবথেকে বেশি ভোট পেয়েছে দুর্নিবার এবং জয়িতা। পাশাপাশি রয়েছে ভরত, সৃজলা এবং দীপ্যেন্দু। আগামী সপ্তাহে এদের মধ্যেই একজন বিদায় জানাবে বিগ বসকে। কী মনে হয় কে হতে চলেছে সেই ব্যক্তি?









